পুবের কলম ওয়েব ডেস্ক: শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলার ‘অপরাধে’ ভিনরাজ্যের পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে বাংলাদেশে পুশব্যাক করা হয়েছিলে। অবশেষে প্রায় এক বছরের দীর্ঘ আইনি লড়াইয়ের পর দেশে ফিরলেন বীরভূমের চার বাসিন্দা। বুধবার দুপুরে মালদহ জেলার ইংরেজবাজার ব্লকের মহদিপুর আন্তর্জাতিক বাণিজ্য সীমান্ত দিয়ে তাঁদের ভারতে ফিরিয়ে আনার ব্যবস্থা করে প্রশাসন। দেশে ফেরা ওই চারজন হলেন সুইটি বিবি, তাঁর দুই নাবালক সন্তান এবং সোনালি খাতুনের স্বামী দানিশ শেখ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বীরভূম জেলার পাইকর গ্রামের বাসিন্দা ওই ব্যক্তিরা দিল্লিতে ফেরিওয়ালার কাজ করতেন।
গোটা বিষয়টি জানতে পারার পর সুইটি বিবি এবং সোনালি বিবির পরিবারের সদস্যরা প্রথমে হাই কোর্টের দ্বারস্থ হন। পরবর্তীতে সেই আইনি লড়াই সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায়। উল্লেখ্য, রাজ্য প্রশাসনের হস্তক্ষেপে গত বছর ডিসেম্বর মাসে ভারতীয় নাগরিকত্বের প্রমাণ দিয়ে বাংলাদেশ থেকে দেশে ফেরেন সোনালি বিবি। কিন্তু বাকি তিনজনকে বাংলাদেশের কারাগার থেকে মুক্ত করে দেশে ফিরিয়ে আনতে পরিবারের সদস্যরা মরিয়া হয়ে ওঠেন।
অবশেষে সেই লড়াই সফল হয়েছে। সুইটি বিবির ভাই আমির খান জানিয়েছেন, শুধুমাত্র বাংলায় কথা বলার অভিযোগে গত বছরের ২২ জুন দিল্লি পুলিশ তাঁদের গ্রেপ্তার করেছিল। এরপর দীর্ঘ লড়াইয়ের পর চলতি বছরের ২২ জুন সুপ্রিম কোর্ট তাঁদের বাংলাদেশ থেকে সসম্মানে দেশে ফিরিয়ে আনার নির্দেশ দেয়। প্রিয়জনেরা প্রায় এক বছর পর ঘরে ফেরায় গোটা পরিবার অত্যন্ত আনন্দিত। জানা গিয়েছে, বুধবার মালদহ সীমান্ত দিয়ে ওই চারজন দেশে প্রবেশ করার পর জেলা পুলিশ ও প্রশাসনের তরফ থেকে বিশেষ গাড়ির ব্যবস্থা করে তাঁদের বীরভূমের বাড়িতে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়।