পুবের কলম ওয়েব ডেস্ক: বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বদেশে প্রত্যাবর্তন করলে তাঁকে স্বাগত জানাবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। তবে এই স্বাগত জানানোর অর্থ এই নয় যে, তিনি কোনওভাবে আইনি শাস্তি বা বিচারপ্রক্রিয়া থেকে রেহাই পাবেন। বরং নিয়ম মেনে সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গেই তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে। মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই কথা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা জাহেদ উর রহমান।

তাঁর দাবি, বাংলাদেশের সাধারণ মানুষ চান যে হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের নির্দেশই যেন বহাল থাকে।

প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে ভারতের রাজধানী দিল্লিতে অবস্থান করছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি চলতি বছরের ডিসেম্বরের মধ্যে দলীয় নেতাকর্মীদের নিয়ে বাংলাদেশে ফিরে এসে আত্মসমর্পণ করার পরিকল্পনার কথা ঘোষণা করেন। হাসিনার এই বার্তার প্রেক্ষিতেই মঙ্গলবার সরকারের অবস্থান স্পষ্ট করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা।

তিনি সাফ জানান, শেখ হাসিনা বাংলাদেশে ফিরলেও সেখানে তাঁর আর কোনও রাজনৈতিক ভবিষ্যৎ নেই। সরকার মূলত তাঁর বিচার সুনিশ্চিত করতেই তাঁকে দেশে স্বাগত জানাতে প্রস্তুত। 

জাহেদ উর রহমান বলেন, শেখ হাসিনার মৃত্যুদণ্ড হয়েছে এবং তাঁকে প্রত্যর্পণ করার আইনি প্রক্রিয়া চালানো হচ্ছে, তাই তিনি নিজে থেকে এলে সরকার তাঁকে স্বাগতই জানাবে। পাশাপাশি তিনি এ-ও মনে করিয়ে দেন যে, দেশের জনগণ চান প্রাক্তন প্রধানমন্ত্রীর ফাঁসির রায়ই যেন কার্যকর করা হয়। এছাড়া, জুলাই মাসের গণঅভ্যুত্থানে বর্তমান শাসকদল বিএনপি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিল উল্লেখ করে সেই আন্দোলনের স্মৃতি যথাযথ মর্যাদার সঙ্গে পালন করা হবে বলেও তিনি জানান।