পুবের কলম ওয়েব ডেস্কঃ বাংলাদেশের জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট পাস হয়েছে। আগামীকাল বুধবার, ১ জুলাই থেকে নতুন অর্থবছরের এই বাজেট কার্যকর হবে। মঙ্গলবার সংসদের অধিবেশনে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বাজেট পাসের প্রস্তাব উপস্থাপন করলে উপস্থিত সংসদ সদস্যদের ধ্বনিভোটে তা অনুমোদিত হয়। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

বাজেট পাসের আগে বিভিন্ন মন্ত্রক ও বিভাগের ব্যয়-সংক্রান্ত ৫৯টি দাবি সংসদে উত্থাপন করা হয় এবং সেগুলোর ওপর ভোট গ্রহণ হয়। এসব দাবির বিপরীতে সংসদ সদস্যরা মোট ১ হাজার ৩৪৪টি ছাঁটাই প্রস্তাব জমা দেন। পরে এসব প্রস্তাবের ওপর আলোচনা শেষে ধ্বনিভোটের মাধ্যমে সেগুলোর নিষ্পত্তি করা হয়। গত ১১ জুন অর্থমন্ত্রী ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার প্রস্তাবিত বাজেট জাতীয় সংসদে উপস্থাপন করেছিলেন।

এরপর শাসক দল, বিরোধী দল এবং নির্দল সংসদ সদস্যদের অংশগ্রহণে দীর্ঘ আলোচনা ও পর্যালোচনার পর বাজেটটি চূড়ান্তভাবে পাস হয়।

এর আগে সোমবার জাতীয় সংসদে কয়েকটি সংশোধনী সংযোজন করে অর্থবিল পাস করা হয়। সংশোধিত অর্থবিলে করমুক্ত আয়সীমা বাড়িয়ে ৪ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে আবাসন খাতে বিনা প্রশ্নে কালো টাকা বিনিয়োগের সুযোগ বাতিল করা হয়েছে। এ ছাড়া বেসরকারি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের করপোরেট করের হার ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে।