পুবের কলম ওয়েব ডেস্কঃ বাংলাদেশে ছাত্র আন্দোলনের সময় রাজধানী ঢাকার মোহাম্মদপুর এলাকায় ট্রাকচালক হোসেন নিহত হওয়ার ঘটনায় মামলা দায়ের হয়েছিল। সেই মামলায় প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি পিছিয়ে দিল আদালত। নতুন করে আগামী ২৬ জুলাই শুনানির দিন নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালতের বিচারক রবিউল আলম সরকারপক্ষের আবেদনের ভিত্তিতে এই নির্দেশ দেন। আদালত সূত্রে জানা গেছে, মামলার কয়েকজন অভিযুক্ত উপস্থিত না থাকায় সরকারপক্ষ শুনানির জন্য অতিরিক্ত সময় চায়।
সেই আবেদন মঞ্জুর করেই আদালত পরবর্তী তারিখ ঘোষণা করেছে।আরও পড়ুন:
অভিযোগকারীদের পক্ষের আইনজীবী গোলাম মঈনউদ্দীন চিশতী জানান, সব অভিযুক্ত আদালতে উপস্থিত না থাকায় অভিযোগ গঠনের শুনানি সম্পূর্ণ করা সম্ভব হয়নি। তাই মামলার কার্যক্রম পিছিয়ে দেওয়া হয়েছে। মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই ছাত্র আন্দোলন চলাকালে মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন ট্রাকচালক মোহাম্মদ হোসেন। সেদিন তিনি গাবতলীতে ট্রাক রেখে নিজের বাড়িতে ফিরছিলেন।
পথে সংঘর্ষ ও উত্তেজনার মধ্যে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ঘটনার পর ওই বছরের ৩১ আগস্ট নিহতের মা রীনা বেগম মোহাম্মদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্তের পর ২০২৫ সালের ২৩ নভেম্বর তদন্তকারী আধিকারিক আদালতে অভিযোগপত্র জমা দেন। অভিযোগপত্রে শেখ হাসিনাসহ মোট ৩৪ জনকে অভিযুক্ত করা হয়।আরও পড়ুন:
মামলার বর্তমান অবস্থান অনুযায়ী, শেখ হাসিনাসহ ২০ জন অভিযুক্ত এখনও পলাতক। তাদের বিরুদ্ধে চলতি বছরের জানুয়ারিতে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। অন্যদিকে, কয়েকজন অভিযুক্ত কারাগারে রয়েছেন এবং আরও কয়েকজন আদালতের দেওয়া জামিনে মুক্ত অবস্থায় রয়েছেন।