পুবের কলম ওয়েব ডেস্কঃ  এবারের ফুটবল বিশ্বকাপে ফিফার এক জটিল নিয়মের প্যাঁচে পড়ে গ্রুপ পর্বের দ্বিতীয় রাউন্ডের ম্যাচগুলি শেষ হওয়ার আগেই টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হল পাঁচটি দলের। এই দলগুলি হল হাইতি, তুরস্ক, জর্ডান, তিউনিশিয়া ও পানামা। এই দলগুলির বিশ্বকাপে টিকে থাকার আপাতত কোনও অংক পড়ে নেই। গ্রুপ পর্বের শেষ ম্যাচে জয় পেয়ে ৩ পয়েন্ট তুলে নিলেও এই দলগুলির পক্ষে আর কোনওভাবেই টেবিলের তিন নম্বরে ওঠা সম্ভব নয়। আর এর পিছনে রয়েছে এবারের বিশ্বকাপে ফিফার আনা একটি নয়া নিয়ম। এবারের বিশ্বকাপে গ্রুপ পর্বে সমান পয়েন্ট হলে গোল ব্যবধানের আগে ‘হেড-টু-হেড’ (পরস্পরের মুখোমুখি লড়াইয়ের ফল) ফলাফলকে মূল টাইব্রেকার হিসেবে ধরা হচ্ছে। উল্লেখ্য, ১২টি গ্রুপের মধ্যে সেরা আটটি তৃতীয় স্থান অধিকারী দল পরের রাউন্ডে যাবে।

ফিফার নতুন নিয়ম অনুযায়ী গ্রুপ পর্ব শেষে যদি একই গ্রুপের দুই বা ততোধিক দলের পয়েন্ট সমান হয়, তাহলে টেবিলের অবস্থান নির্ধারণে বেশ কয়েকটি বিষয়ের ওপর গুরুত্ব দেবে ফিফা। প্রথমত, হেড-টু-হেড বা মুখোমুখি লড়াই।

সমান পয়েন্টধারী দলগুলি নিজেদের মধ্যে ম্যাচে কে জিতেছিল, আগে সেটা দেখা হবে। তারপর দেখা হবে দলগুলির মধ্যে গোল ব্যবধান। সব ম্যাচ মিলিয়ে কোন দল কত গোল ব্যবধানে এগিয়ে আছে। এরপর দেখা হবে, গ্রুপের ম্যাচে নিজেদের করা গোল সংখ্যা। পুরো গ্রুপ পর্বে কোন দল প্রতিপক্ষের জালে কত বেশি গোল দিয়েছে। এছাড়া ফেয়ার প্লে পয়েন্ট কিংবা দলীয় শৃঙ্খলা তো রয়েছে। কোন দল টুর্নামেন্টে কত কম লাল ও হলুদ কার্ড দেখেছে, সেটা নিয়েও মাথা ঘামাবে ফিফা। সর্বশেষ, নির্দিষ্ট দলগুলির ফিফা র‌্যাঙ্কিংয়ের দিকে তাকাবে তারা। আগের সব’কটা পয়েন্টের দিকে তাকিয়ে সমস্যার সমাধান না ঘটলে সর্বশের দলগুলির সর্বশেষ ফিফা র‌্যাঙ্কিং বিবেচনা করা হবে।

তুরস্ক

বিশ্বকাপে প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ২-০ গোলে হারে তুরস্ক। পরের ম্যাচে তারা  প্যারাগুয়ের কাছেও হেরেছিল ১-০ গোলে। প্রথম দুই ম্যাচে হারের ফলে বিশ্বকাপ থেকে তাদের বিদায়ঘণ্টা বেজে যায়। শেষ ম্যাচে এখন যদি তারা আয়োজক মার্কিন যুক্তরাষ্ট্রকে হারিয়েও দেয়, তবুও প্রথম দুই ম্যাচে হেরে থাকায় হেড-টু-হেড নিয়মের প্যাঁচে পড়ে অßেT্রলি ও প্যারাগুয়ের পিছনে থাকতে হবে তুরস্ককে। 

তিউনিশিয়া

বিশ্বকাপে প্রথম দুটি ম্যাচে হেরে নিজেদের কপাল পুড়িয়েছে তিউনিশিয়া। প্রথম ম্যাচে তারা সুইডেনের কাছে হেরেছে ৫-১ গোলে। দ্বিতীয় ম্যাচে জাপানের কাছে ৪-০ গোলে হার স্বীকার করেছে। শেষ ম্যাচে যদি তারা নেদারল্যান্ডসকে বিশাল ব্যবধানে হারায় এবং অন্য ম্যাচে জাপান যদি সুইডেনকে হারিয়েও দেয়, তা সত্ত্বেও মুখোমুখি লড়াইয়ে সুইডেনের থেকে পিছিয়ে থাকায় তিউনিশিয়া টেবিলের তিন নম্বরে যেতে পারবে না।

হাইতি

নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে ১-০ গোলে হেরেছিল হাইতি।

পরের ম্যাচে ব্রাজিলের কাছে ৩-০ গোলে বিধ্বস্ত হয়। প্রথম দুই ম্যাচ থেকে ৪ পয়েন্ট করে নিয়ে ব্রাজিল ও মরক্কো আগেই সুবিধাজনক জায়গায় চলে গিয়েছে। ফলে, শেষ ম্যাচে হাইতি যদি মরক্কোকে হারায়ও এরপর তারা স্কটল্যান্ডের সমান ৩ পয়েন্ট পাবে। সেখানে মুখোমুখি লড়াইয়ে স্কটল্যান্ডের কাছে হেরে যাওয়ায় হাইতির পক্ষে টেবিলের তিনে ওঠার সুযোগ নেই।

জর্ডান

প্রথম ম্যাচে জর্ডান ৩-১ গোলে হেরেছে অস্ট্রিয়ার কাছে। দ্বিতীয় ম্যাচে তারা আলজেরিয়ার কাছে হারে ২-১ ব্যবধানে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে তারা যদি  আর্জেন্টিনাকে হারিয়ে ৩ পয়েন্ট পায় এবং টেবিলের তৃতীয় স্থানে থাকা দলের সমান পয়েন্টও করে, তবুও হেড-টু-হেড টাইব্রেকারের গ্যাঁড়াকলে পড়ে ‘জে’ গ্রুপের তলানিতেই থাকতে হবে মধ্যপ্রাচ্যের এই দলটিকে।

পানামা

বিশ্বকাপের প্রথম ম্যাচে ঘানার কাছে ১-০ গোলে হার। দ্বিতীয় ম্যাচে একই ব্যবধানে ক্রোয়েশিয়ার কাছেও হার স্বীকার করে পানামা। প্রথম দুই ম্যাচে হারের ফলে  গ্রুপের শেষ ম্যাচে তারা যদি ইংল্যান্ডকে হারিয়ে ৩ পয়েন্ট তুলে ফেলে, তবুও টেবিলের তিন নম্বরে উঠতে পারবে না পানামা। হেড-টু-হেড লড়াইয়ে তারা বর্তমানে টেবিলের তিনে থাকা ক্রোয়েশিয়াকে টপকাতে পারবে না।