পুবের কলম ওয়েবডেস্ক, দীর্ঘদিন জনসমক্ষে অনুপস্থিত থাকার পর পদ্মভূষণ সম্মান গ্রহণ করতে এসে আবারও আলোচনায় উঠে এলেন জনপ্রিয় গায়িকা অলকা ইয়াগনিক। রাষ্ট্রপতির হাত থেকে দেশের অন্যতম সর্বোচ্চ অসামরিক সম্মান গ্রহণের পর তিনি একটি আবেগঘন বার্তায় ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সামাজিক মাধ্যমে অলকা জানান, গত দুই বছর ধরে তিনি স্বাস্থ্যগত সমস্যার কারণে আলোচনার কেন্দ্রবিন্দু থেকে দূরে রয়েছেন। এই কঠিন সময়ে অনুরাগীদের ভালোবাসা, শুভেচ্ছা ও প্রার্থনাই তাঁকে মানসিক শক্তি জুগিয়েছে।

তাঁর কথায়, পদ্মভূষণ শুধু ব্যক্তিগত অর্জন নয়, বরং সেই সব শ্রোতারও সম্মান, যাঁরা বছরের পর বছর তাঁর গানকে আপন করে রেখেছেন।

গায়িকা বলেন, এই স্বীকৃতি তাঁর কর্মজীবনের মূল্যায়নের পাশাপাশি আশা, সাহস ও ভালোবাসার শক্তিরও প্রতীক। তিনি ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছেন বলেও জানান। পাশাপাশি ভারতের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রক ও কেন্দ্র সরকারের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য, ২০২৪ সাল থেকে অলকা ইয়াগনিক ‘সেন্সরিনিউরাল নার্ভ হিয়ারিং লস’ নামে বিরল শ্রবণজনিত সমস্যায় ভুগছেন। এই রোগে কানের অভ্যন্তরীণ অংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় শুনতে অসুবিধা হয়। অসুস্থতার কারণে তিনি দীর্ঘদিন লাইভ অনুষ্ঠান ও রেকর্ডিং থেকে দূরে ছিলেন। তবে শারীরিক অসুবিধা সত্ত্বেও পদ্মভূষণ গ্রহণ করতে উপস্থিত হওয়ায় অনুরাগীরা আবেগাপ্লুত হয়ে পড়েন।