বিশ্বকাপ ফুটবলের ম্যাচ চলাকালে লাইভ সম্প্রচারে রেফারিকে ‘চোর’ বলায় শাস্তির মুখে পড়েছেন প্যারাগুয়ের জনপ্রিয় ধারাভাষ্যকার হোর্হে ‘চিপি’ ভেরা। ফিফা টুর্নামেন্টের বাকি অংশের জন্য তাঁর অ্যাক্রেডিটেশন বাতিল করেছে।

ঘটনাটি ঘটে প্যারাগুয়ে-তুরস্ক ম্যাচে। ম্যাচের প্রথমার্ধে প্যারাগুয়ের মিডফিল্ডার মিগেল আলমিরনকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি ইভান বার্টন। ফিফার নতুন নিয়ম অনুযায়ী মুখ ঢেকে কথা বলার ঘটনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

রেফারির এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে লাইভ সম্প্রচারে ভেরা তাঁকে ‘চোর’ আখ্যা দেন এবং ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোরও সমালোচনা করেন। পরে তিনি নিজের মন্তব্যের জন্য নিঃশর্ত ক্ষমা চেয়ে বলেন, আবেগের বশে তিনি সংযম হারিয়েছিলেন।
তবে ক্ষমাপ্রার্থনার পরও সিদ্ধান্ত বদলায়নি ফিফা। ফলে বিশ্বকাপের বাকি সময় তিনি স্টেডিয়ামে প্রবেশ বা সংবাদ সংগ্রহ করতে পারবেন না। যদিও তাঁর কর্মস্থল এবিসি কার্ডিনাল এই শাস্তিকে অতিরিক্ত কঠোর বলে উল্লেখ করে পুনর্বিবেচনার দাবি জানিয়েছে।