পুবের কলম ওয়েবডেস্ক: অবশেষে চলতি বছরের নভেম্বরে কাতারে অনুষ্ঠিত হতে চলেছে ফিফা বিশ্বকাপ। এরইমধ্যে বিশ্বকাপের আয়োজক কমিটি জানিয়ে দিয়েছে, কাতারে ফুটবল বিশ্বকাপ দেখতে গেলে করোনা ভাইরাসের টিকা দেওয়া বাধ্যতামূলক নয়। এতে অবশ্য বহু ফুটবলারদের পাশাপাশি সমর্থকদের মুখে হাসি ফুটেছে, যারা কোভিড টিকা নেননি।
তবে এর পাশাপাশি বিশ্বকাপের আয়োজক কমিটি একটি শর্ত চাপিয়ে দিয়েছে। কোভিড টিকা নেওয়া না থাকলেও, কাতারে প্রবেশ করার আগে সবাইকে অবশ্যই কোভিড টেস্ট করাতে হবে। পরীক্ষায় ফল নেগেটিভ হলেই মিলবে বিশ্বকাপ দেখার ছাড়পত্র। আর ফলাফল পজিটিভ হলেই তাকে সরকারের গাইডলাউন অনুযায়ী পাঁচ দিনের জন্য থাকতে হবে আইসোলেশনে।
কাতারে ফুটবল বিশ্বকাপ দেখতে যাওয়া দর্শকদের জন্য বিশ্বকাপের আয়োজক কমিটি নিয়ম কিছুটা শিথিল করলেও, খেলোয়াড় এবং ম্যাচ অফিশিয়ালদের জৈব সুরক্ষাবলয়ে থাকাটা বাধ্যতামূলক করেছে। ৬ কিংবা তার বেশি বয়সী দর্শককে কাতারে রওনা হওয়ার আগে ৪৮ ঘণ্টার মধ্যে করানো পিসিআর টেস্ট করাতে হবে। অথবা কাতারে পৌঁছানোর ২৪ ঘণ্টা আগে করানো র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করানো যেতে পারে।
তবে র্যাপিড অ্যান্টিজেন টেস্টের ফল অফিসিয়াল মেডিকেল কেন্দ্রের গ্রহণযোগ্য হতে হবে। ১৮ বছর কিংবা তার বেশি বয়সী দর্শকদের স্থানীয় সরকার নির্ধারিত একটি ট্রেসিং ফোন অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে হবে। বদ্ধ জায়গার জনসমাগমে প্রবেশ করার আগে এটা দেখাতে হবে তাদের। ভীড়ের মধ্যে তাদের মাস্ক পরতে হবে।





































