পুবের কলম ওয়েবডেস্কঃ এবারের বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচগুলি ইরানকে খেলতে হবে মার্কিন যুক্তরাষ্ট্রে। অথচ সেই ইরান দলের ১৫জন সদস্যের ভিসা বাতিল করেছে আয়োজক আমেরিকা। বিশ্বকাপ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রে প্রবেশের ভিসা না পাওয়ার বিরুদ্ধে করা আপিল করায় এদিন মাত্র চারজনকে অনুমতি দিয়েছে তারা। তবে বাকি ১১ জনের এখনও যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দিল না যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ।
জানা গিয়েছে, ভিসা প্রত্যাখ্যাত হওয়া ১৫ জন ইরানি প্রতিনিধির মধ্যে ১০ জন মেক্সিকোতে পৌঁছানোর পর পুনরায় আবেদন করেন। এর মধ্যে ৪ জনের আপিল গৃহীত হয়েছে। ভিসা পাওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন ইরান দলের একজন টেকনিক্যাল বিশ্লেষক এবং ইরান ফুটবল ফেডারেশনের আন্তর্জাতিক বিভাগের দুই কর্মকর্তা। পুনরায় আবেদন করা ৬ জনের ভিসাও আবার প্রত্যাখ্যান করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজ, ফেডারেশনের এক সহ-সভাপতি, দলের দুই প্রশাসনিক কর্মকর্তা, একজন মিডিয়া কর্মকর্তা এবং একজন নিরাপত্তা কর্মকর্তা।আরও পড়ুন:
যুক্তরাষ্ট্রের সঙ্গে চলতে থাকা সংঘাতের কারণে নিরাপত্তার কথা মাথায় রেখে ইরান তাদের বিশ্বকাপ ক্যাম্প মেক্সিকোতে সরিয়ে নিয়ে যায়। বিশ্বকাপে যোগ দেওয়ার আগে নিজেদের শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন করতে মেক্সিকোর টিহুয়ানায় নিবিড় অনুশীলন করেছেন ইরানি ফুটবলাররা। বিশ্বকাপে ইরান তাদের প্রথম ম্যাচ খেলবে ১৫ জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে।
মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জানিয়েছে, ইরানের ফুটবল টিম তাদের গ্রুপ পর্বের প্রতিটি ম্যাচের আগের দিন যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পাবে। ইরান দলের একজন কর্মকর্তা জানিয়েছেন, প্রথম ম্যাচের একদিন আগে রবিবার তারা লস অ্যাঞ্জেলেসে পৌঁছাবেন এবং ফিফার আনুষ্ঠানিক সংবাদিক সম্মেলনে অংশগ্রহণ করবেন। এদিকে যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ চলতি সপ্তাহে ইরানি সমর্থকদের জন্য বরাদ্দকৃত গ্রুপ-পর্বের টিকিট কোটা বাতিল করেছে। যদিও ফিফা জানিয়েছে, তারা ইরানি সমর্থকদের ম্যাচে উপস্থিতির সুযোগ সর্বোচ্চ পর্যায়ে নিশ্চিত করার চেষ্টা করছে। এতসব ঘাত-প্রতিঘাতের পরও ইরানের ফুটবল টিম কিন্তু নিউজিল্যান্ড ম্যাচ নিয়েই ভাবছে। তাদের বিশ্বাস, বিশ্বকাপে প্রথম জয় তাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে, টুর্নামেন্টে এগিয়ে যাওয়ার পথে তাদের বাড়তি অক্সিজেন হিসেবে সাহায্য করবে।