পুবের কলম ওয়েব ডেস্কঃ আগামী রবিবার ৮ ঘণ্টার জন্য পুরোপুরি বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু বা বিদ্যাসাগর সেতু। কলকাতা পুলিশের তরফে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ১৪ জুন ২০২৬ (রবিবার) সকাল ৬টা থেকে দুপুর ২টো পর্যন্ত বিদ্যাসাগর সেতু দিয়ে সব ধরনের যান চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। এই সময়ে সেতুর জরুরি রক্ষণাবেক্ষণ এবং ‘স্টে ও হোল্ডিং ডাউন’ কেবল ও বেয়ারিং পরিবর্তনের কাজ করবে হুগলি রিভার ব্রিজ কমিশনার্স (এইচআরবিসি) কর্তৃপক্ষ।
আরও পড়ুন:
শহরের অন্যতম প্রধান এই লাইফলাইন বন্ধ হয়ে যাওয়ায় সাধারণ মানুষকে যাতে চরম ভোগান্তিতে পড়তে না হয়, তার জন্য ট্রাফিক পুলিশের তরফে একাধিক বিকল্প রুটের ব্যবস্থা করা হয়েছে।
ওই দিন সকাল থেকে দুপুরের মধ্যে কোন রুট দিয়ে গাড়ি ঘোরানো হবে, তার বিস্তারিত তালিকা প্রকাশ করা হয়েছে। এজেসি বোস রোড থেকে আসা গাড়ি, জিরুট আইল্যান্ডের দিক থেকে বিদ্যাসাগর সেতুগামী সমস্ত পশ্চিমমুখী গাড়িকে টারফ ভিউ থেকে অ্যাট গ্রেড রোড হয়ে হেস্টিংস ক্রসিংয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। সেখান থেকে গাড়িগুলি সেন্ট জর্জেস গেট রোড ও স্ট্র্যান্ড রোড হয়ে হাওড়া ব্রিজ ধরতে পারবে, অথবা হেস্টিংস ক্রসিং থেকে ডানদিক ঘুরে কেপি রোড নিতে পারবে।আরও পড়ুন:
কেপি রোড থেকে আসা গাড়ি বা জে অ্যান্ড এন আইল্যান্ডের দিক থেকে আসা বিদ্যাসাগর সেতুগামী গাড়িগুলিকে ১১ ফার্লং গেট থেকে হেস্টিংস ক্রসিংয়ের দিকে ডাইভার্ট করা হবে।
সেখান থেকেও সেন্ট জর্জেস গেট রোড ও স্ট্র্যান্ড রোড হয়ে হাওড়া ব্রিজ ধরা যাবে। সিজিআর রোড থেকে আসা গাড়ি বা খিদিরপুরের দিক থেকে আসা বিদ্যাসাগর সেতুগামী পূর্বমুখী গাড়িগুলিকে হেস্টিংস ক্রসিং থেকে বাঁদিকে ঘুরিয়ে সেন্ট জর্জেস গেট রোড, স্ট্র্যান্ড রোড ও হাওড়া ব্রিজের দিকে পাঠিয়ে দেওয়া হবে।আরও পড়ুন:
ঘোড়া পাসের র্যাম্পের কাছে ওয়াই-পয়েন্ট র্যাম্পের মাধ্যমে যে সমস্ত গাড়ি বিদ্যাসাগর সেতুতে উঠত, সেগুলিকে কেপি রোডের ওয়াই-পয়েন্ট থেকে ১১ ফার্লং গেটের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। সেখান থেকে গাড়িগুলি কেপি রোড এবং রেড রোড হয়ে হাওড়া ব্রিজে যেতে পারবে। এছাড়াও পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনে অন্যান্য রাস্তা দিয়েও যান চলাচল নিয়ন্ত্রণ করা হতে পারে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। দুপুর ২টোর পর পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় বিদ্যাসাগর সেতুতে নিয়মমাফিক যান চলাচল শুরু হবে।