পুবের কলম ওয়েব ডেস্ক: শিলিগুড়ি মহকুমা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ ও তৃণমূলের পরিচিত মুখ মহম্মদ আইনুল হকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে ফাঁসিদেওয়া এলাকায়। শনিবার সকালে তাঁর বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় দেহ উদ্ধার হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
আরও পড়ুন:
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে পরিবারের সদস্যরা আইনুল হককে বাড়ির ভিতরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
দ্রুত তাঁকে উদ্ধার করে ফাঁসিদেওয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় শোক ও উদ্বেগের পরিবেশ তৈরি হয়।আরও পড়ুন:
দীর্ঘদিনের রাজনৈতিক জীবনে আইনুল হক ফাঁসিদেওয়া অঞ্চলের পরিচিত মুখ ছিলেন। রাজনৈতিক জীবন শুরু করেছিলেন কংগ্রেসের মাধ্যমে। সেই সময় একাধিকবার গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির নির্বাচনে জয়লাভ করেন।
পরে তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দেন এবং ধীরে ধীরে এলাকার অন্যতম প্রভাবশালী নেতা হিসেবে পরিচিতি লাভ করেন। শিলিগুড়ি মহকুমা পরিষদে বিরোধী দলনেতার দায়িত্বও সামলেছেন তিনি। বর্তমানে কৃষি কর্মাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছিলেন।আরও পড়ুন:
সাম্প্রতিক বিধানসভা নির্বাচনেও দলের হয়ে সক্রিয়ভাবে কাজ করেছিলেন আইনুল হক। তবে নির্বাচনের ফল প্রকাশের পর থেকে তাঁকে আগের মতো জনসমক্ষে খুব বেশি দেখা যাচ্ছিল না বলে স্থানীয়দের একাংশ জানিয়েছেন।
আরও পড়ুন:
পরিবারের দাবি, বেশ কিছুদিন ধরে তিনি বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন। সেই কারণেই তাঁর মানসিক অবস্থার উপর প্রভাব পড়েছিল কি না, তা নিয়েও আলোচনা শুরু হয়েছে। তবে এই মৃত্যুর পিছনে অন্য কোনও কারণ রয়েছে কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ। প্রাথমিকভাবে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরই মৃত্যুর কারণ সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।