পুবের কলম ওয়েবডেস্ক: কেরলের মালাপ্পুরম জেলায় এক শিশুকে ঘিরে ঘটে যাওয়া একটি ঘটনায় বড়সড় দুর্ঘটনা অল্পের জন্য এড়ানো গেল। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়া সেই দৃশ্য এখন সমাজমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।
আরও পড়ুন:
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, বাড়ির নজরদারি এড়িয়ে এক শিশু হামাগুড়ি দিতে দিতে একটি ব্যস্ত প্রধান সড়কের মাঝখানে পৌঁছে বসে পড়ে। ঠিক সেই সময় দ্রুতগতিতে একটি বাস ওই রাস্তা দিয়ে এগিয়ে আসছিল।
শিশুটিকে দেখতে পেয়েই বাসচালক দ্রুত ব্রেক কষে গাড়ি থামিয়ে দেন। কয়েক সেকেন্ডের এই উপস্থিত বুদ্ধিই শিশুটির প্রাণ বাঁচায় বলে মনে করা হচ্ছে।আরও পড়ুন:
বাস থামার সঙ্গে সঙ্গেই কন্ডাক্টর দৌড়ে গিয়ে শিশুটিকে কোলে তুলে নিরাপদ স্থানে নিয়ে যান। কারণ বিপরীত দিক থেকে আসা অন্য কোনও গাড়ির ধাক্কা লাগার আশঙ্কা ছিল।
পরে শিশুটিকে তার পরিবারের হাতে তুলে দেওয়া হয় বলে জানা গিয়েছে।আরও পড়ুন:
সংবাদমাধ্যমের দাবি, ঘটনাটি ১০ জুন সকাল সাড়ে ৮টা নাগাদ ঘটে। তবে শিশুটি কীভাবে বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় পৌঁছেছিল, সে বিষয়ে স্পষ্ট কোনও তথ্য মেলেনি। ভিডিওটি প্রকাশ্যে আসার পর বহু নেটব্যবহারকারী বাসচালকের ও কন্ডাক্টরের তৎপরতার প্রশংসা করেছেন। পাশাপাশি, শিশুর নিরাপত্তা নিয়ে অভিভাবকদের আরও সতর্ক থাকার প্রয়োজনীয়তার কথাও উঠে এসেছে বিভিন্ন মন্তব্যে।