সম্পত্তি সংক্রান্ত মামলায় পরাজয়ের ক্ষোভ থেকেই নিজের বাবাকে প্রকাশ্যে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগর জেলায় এই মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযুক্ত ছেলে আব্দুল রেহমান আব্দুল জাফরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, জলসম্পদ দপ্তরের অবসরপ্রাপ্ত কর্মী জাফর কামরুদ্দিন সইদ প্যাটেলের সঙ্গে তাঁর ছেলে আব্দুল রেহমানের দীর্ঘদিন ধরেই বাড়ি নিয়ে বিরোধ চলছিল। প্রায় দু’বছর ধরে এই বিরোধ আদালত পর্যন্ত গড়ায়।
শুক্রবার ওই মামলায় আদালতের রায় জাফরের পক্ষেই যায়। কিন্তু সেই জয়ই শেষ পর্যন্ত তাঁর জীবনের জন্য কাল হয়ে দাঁড়ায়। অভিযোগ, আদালত থেকে ফেরার পথে বাবার উপর আচমকাই হামলা চালায় আব্দুল রেহমান। রাস্তার মাঝেই ধারালো অস্ত্র দিয়ে একের পর এক কোপ মারতে শুরু করে সে।
রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা দ্রুত জাফর প্যাটেলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পরেই অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে।
সম্পত্তি নিয়ে পারিবারিক বিবাদের এমন ভয়াবহ পরিণতিতে এলাকায় শোক ও আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।