পুবের কলম,ওয়েবডেস্ক:দেশ স্বাধীন হয়েছে ৭৬ বছর পার হয়ে গেল। তারপরও দেশে এমন স্থান রয়েছে যেখানে স্বাধীন ভারতের তেরঙ্গা উত্তোলিত হয়নি। কমিউনিস্টরা স্বাধীনতার পর বলেছিল ‘ইয়ে আজাদি ঝুটা হ্যায়। এটা ক্ষমতার হস্তান্তর মাত্র। লড়াই করে স্বাধীনতা আনতে হবে।

দেশের জাতীয় পতাকাকে সম্মান করত না কট্টরপন্থী দল আরএসএস। স্বাধীনতার পর এই প্রথম ছত্তিশগড়ের কিছু মাওবাদী অধ্যুষিত এলাকায় জাতীয় পতাকা তোলা হয়েছে। এর মধ্যে রয়েছে বস্তারের ৬টি গ্রাম। গ্রামগুলি হল চিন্নাগেলুর, টাইমার, হিরোলি, বেদ্রে, দুব্বামার্কা,  টেন্ডামার্কা।

মূলত নিরাপত্তা বাহিনীর উদ্যোগেই এই পতাকা উত্তোলন হয়।
স্থানীয় পড়ুয়া, গ্রামবাসীরা এই অনুষ্ঠানে হাজির ছিল। তারা বেশ স্বতঃস্ফূর্তভাবে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। বৃষ্টির দরুন তাদের মাথায় ছিল ছাতা। অন্যদিকে, জম্মু-কাশ্মীরেও উৎসাহ-উদ্দীপনার  মধ্য দিয়ে স্বাধীনতা দিবস উদযাপনের ছবি ধরা পড়েছে। পতাকা হাতে কাশ্মীরি কিশোর-যুবকদের দেখা গেছে মিডিয়ায়। ওয়াকিফহাল মহলের মত, উপত্যকার পরিস্থিতি স্বাভাবিক দেখাতে কেন্দ্র এই ধরনের ছবি তুলে ধরতেই আগ্রহী।