পুবের কলম, ওয়েবডেস্কঃ 'দয়া করে কেউ লতা মঙ্গেশকরকে নিয়ে গুজব ছড়াবেন না, ওঁনার দ্রুত সুস্থতা প্রার্থনা করুন।'  মঙ্গেশকর পরিবারের পাশে দাঁড়িয়ে এবার বার্তা দিলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। করোনা আক্রান্ত হয়ে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। ডা. প্রতীত সমধানির পর্যবেক্ষণে রয়েছেন লতাজি। চিকিৎসক প্রতীত সমধানি একটি নোটে লিখেছেন, 'লতাদিদি আগের চেয়ে ভালো আছেন। এই মুহূর্তে আইসিইউতে রয়েছেন তিনি। আমাদের প্রার্থনা উনি দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরে যান।
আসুন আমরা জল্পনা এড়িয়ে লতা দিদির দ্রুত আরোগ্য ও সুস্থতার প্রার্থনা করি'।

সেই নোটটি স্মৃতি ইরানি তাঁর ট্যুইটার হ্যান্ডেলে শেয়ার করেন।

কিছুদিন আগেই লতা মঙ্গেশকর নিয়ে গুজব রটে, লতাজি শারীরিকভাবে অসুস্থ ও ওঁনার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। এর পরেই লতা মঙ্গেশকরের মুখপাত্র  জানান, ‘লতাজিকে নিয়ে গুঞ্জন রটছে দেখে বিচলিত লাগছে। সকলের উদ্দেশে তিনি বার্তা দেন, ‘  লতাজি সুস্থ আছেন। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল।’।

 

বিভিন্ন রটনাকে সম্পূর্ণ নস্যাৎ করে লতাজির মুখপাত্র আরও জানান, ‘বিভিন্ন জায়গায় রটেছে লতাজির শারীরিক অবস্থা ভালো নেই। তাঁর অবস্থার অবনতি হয়েছে।এটা সম্পূর্ণ মিথ্যা রটনা। এই ধরনের মিথ্যে খবর রটছে দেখে মন সত্যিই খারাপ হয়ে যাচ্ছে। আপনারা এটা জেনে রাখুন, লতাজি সুস্থ আছেন। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল।
হাসপাতালের আইসিইউতেই আছেন তিনি। তাঁর দ্রুত আরোগ্য কামনা করুন, যাতে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসতে পারেন তিনি।”

এরপর হাসপাতাল থেকেও বার বার জানানো হয়,  সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের অবস্থা স্থিতিশীল। আইসিইউ-তেই পর্যবেক্ষণে আছেন তিনি।

চলতি মাসেই করোনা আক্রান্ত হয়ে মুম্বইয়ে ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হন সুর সম্রাজ্ঞী, কিংবদন্তী সঙ্গীত শিল্পী লতা মঙ্গেশকর।

কিছুদিন আগেই লতাজির বোন ঊষা জানান, লতাজি ভালো আছেন। বয়সের কথা চিন্তা করে তাকে আরও কিছুদিন হাসপাতালে রাখতে চায় চিকিৎসকেরা। করোনার কারণে তাঁকে হাসপাতালে দেখতে যাওয়া সম্ভব হচ্ছে না। তবে নিয়মিত হাসপাতালের চিকিৎসকের থেকে হেলথ বুলেটিন নেওয়া হচ্ছে।