পুবের কলম, ওয়েবডেস্ক: অন্ধ্রপ্রদেশের রাজ্যসভা নির্বাচনে বড়সড় সাফল্য পেল রাজ্যের শাসক জোট ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ)। কোনো রকম লড়াই ছাড়াই জোটের চারজন প্রার্থীই বিনা প্রতিদ্বন্দ্বিতায় উচ্চকক্ষে নির্বাচিত হয়েছেন। মনোনয়ন পত্র প্রত্যাহারের সময়সীমা শেষ হওয়ার পর বৃহস্পতিবার সন্ধ্যায় নির্বাচনী আধিকারিক বা রিটার্নিং অফিসার আনুষ্ঠানিকভাবে এই চার প্রার্থীকে জয়ী ঘোষণা করেন। নির্বাচিত এই চার প্রার্থীর মধ্যে তিনজন তেলুগু দেশম পার্টি (TDP) এবং একজন জনসেনা পার্টি (JSP)-র সদস্য। চার আসনের জন্য অন্য কোনো দল বা নির্দল প্রার্থী মনোনয়ন জমা না দেওয়ায় কোনো ভোটের প্রয়োজন পড়েনি।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪ সাংসদ হলেন- টিডিপির সানা সতীশ বাবু, ভাষ্যম রামকৃষ্ণ, বিজয় চিন্তাকায়লা এবং জেএসপির লিঙ্গামনেনী রমেশ। উল্লেখ্য, এই চার আসনের জন্য আগামী ১৮ জুন ভোটগ্রহণের দিন ধার্য করা হয়েছিল। কিন্তু স্ক্রুটিনি ও নাম প্রত্যাহারের পর্ব মিটতেই ভোটের আর কোনো প্রয়োজনীয়তা থাকল না। অন্ধ্রপ্রদেশ থেকে রাজ্যসভার এই চারটি আসন মূলত শূন্য হয়েছিল ওয়াইএসআর কংগ্রেস পার্টি (YSRCP)-র তিন সাংসদ—আল্লা অযোধ্যা রামি রেড্ডি, নাথওয়ানি পরিমল, পিল্লি সুভাষচন্দ্র বোস এবং টিডিপি-র সানা সতীশ বাবুর মেয়াদ শেষ হওয়ার কারণে। বিধানসভায় বিপুল আসন সংখ্যা থাকার সুবাদে এবার এই চারটি আসনই নিজেদের ঝুলিতে পুরল শাসক জোট।

অন্ধ্রপ্রদেশ বিধানসভায় শাসক জোটের বিপুল সংখ্যাগরিষ্ঠতার কারণেই বিরোধী দল ওয়াইএসআর কংগ্রেস কোনো প্রার্থী দাঁড় করানোর সাহস দেখায়নি। রাজ্যের ১৭৫ সদস্যের বিধানসভায় চন্দ্রবাবু নাইডুর টিডিপি-র একারই রয়েছে ১৩৫টি আসন। জোটসঙ্গী জনসেনার ২১টি এবং বিজেপির ৮টি আসন রয়েছে। অন্যদিকে, সাবেক শাসক দল ওয়াইএসআরসিপি (YSRCP) মাত্র ১১টি আসনে সংকুচিত হয়ে পড়ায় রাজ্যসভার জন্য প্রয়োজনীয় ন্যূনতম বিধায়কের সমর্থন তাদের ছিল না। ফলে এনডিএ-র এই ক্লিন সুইপ বা সম্পূর্ণ জয় ছিল কেবল সময়ের অপেক্ষা।