পুবের কলম, ওয়েবডেস্ক: দীর্ঘ প্রতীক্ষা ও আইনি টানাপোড়েনের অবসান ঘটল। অন্ধ্রপ্রদেশের একমাত্র এবং স্থায়ী রাজধানী হিসেবে সরকারিভাবে স্বীকৃতি পেল অমরাবতী। সোমবার (৬ এপ্রিল, ২০২৬) রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 'অন্ধ্রপ্রদেশ পুনর্গঠন (সংশোধনী) বিল, ২০২৬'-এ স্বাক্ষর করার পর মঙ্গলবার কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এই সংক্রান্ত গেজেট বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এর ফলে অমরাবতীর রাজধানীর মর্যাদা এখন আইনিভাবে সুপ্রতিষ্ঠিত হলো।
 
২০১৪ সালে অন্ধ্রপ্রদেশ বিভাজনের পর থেকেই রাজধানী নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, এই বিজ্ঞপ্তির মাধ্যমে তার পরিসমাপ্তি ঘটল।

কেন্দ্রীয় আইন ও বিচার মন্ত্রক কর্তৃক প্রকাশিত ওই গেজেট বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অন্ধ্রপ্রদেশ পুনর্গঠন আইন, ২০১৪-এর ৫ নম্বর ধারায় সংশোধন এনে "একটি নতুন রাজধানী হবে"-র পরিবর্তে "অমরাবতীই নতুন রাজধানী হবে" বাক্যটি অন্তর্ভুক্ত করা হয়েছে। এই সংশোধনীটি ২ জুন, ২০২৪ থেকে কার্যকর হয়েছে বলে গণ্য করা হবে, যেদিন হায়দ্রাবাদ যৌথ রাজধানী হিসেবে তার ১০ বছরের মেয়াদ পূর্ণ করেছিল।
 
মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে গেজেট বিজ্ঞপ্তির কপি শেয়ার করে লেখেন, "অন্ধ্রপ্রদেশের রাজধানী এখন অমরাবতী।" তিনি আরও জানান,এটি রাজ্যের মানুষের আত্মসম্মান ও সংকল্পের জয়। যে কৃষকরা রাজধানীর জন্য জমি দান করেছিলেন, এটি তাঁদের ত্যাগের প্রতি এক বড় স্বীকৃতি। এই ঐতিহাসিক পদক্ষেপের জন্য তিনি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।