পুবের কলম, ওয়েবডেস্ক: দুয়ারে বিধানসভা নির্বাচন। রাজ্যের রাজনৈতিক ময়দান এখন তুঙ্গে। অল্প সময়ের মধ্যে বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছতে সব দলই নতুন নতুন কৌশল নিচ্ছে। সেই পথেই হেঁটে এবার অভিনব উদ্যোগ নিল তৃণমূল কংগ্রেস।
শুরু হল ‘মিসড কল’ প্রচারাভিযান, যার মাধ্যমে সরাসরি সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ গড়ে তুলতে চাইছে দল।এই উদ্যোগের মুখ হয়ে সামনে এসেছেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রের। একটি ভিডিও বার্তায় তিনি দলীয় কর্মী ও সমর্থকদের আহ্বান জানিয়ে বলেন, একটি নির্দিষ্ট নম্বরে (৯৭৩৮০ ৯৭৩৮০) মিসড কল দিয়েই তৃণমূলের পাশে দাঁড়ানো যাবে। তাঁর কথায়, এই সহজ উপায়েই সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করা সম্ভব হবে এবং সংগঠন আরও শক্তিশালী হবে।
দলীয় সূত্রে জানা গিয়েছে, এই প্রচারাভিযানের মাধ্যমে একটি তথ্যভান্ডার তৈরি করা হবে। ভবিষ্যতে সেই তথ্যের ভিত্তিতে সমর্থকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখবে দল। নির্বাচনের আগে এই ধরনের প্রযুক্তিনির্ভর উদ্যোগকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।
বিশেষজ্ঞদের মতে, বর্তমান সময়ে ডিজিটাল মাধ্যমকে কাজে লাগিয়ে ভোটারদের কাছে পৌঁছনোই সবচেয়ে কার্যকর কৌশল। সহজ ও দ্রুত যোগাযোগের এই পদ্ধতি নির্বাচনী প্রচারে নতুন মাত্রা যোগ করতে পারে। ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে এই ভিডিও বার্তা ছড়িয়ে পড়েছে এবং কর্মী-সমর্থকদের মধ্যে যথেষ্ট সাড়া ফেলেছে এই উদ্যোগ।