পুবের কলম ওয়েব ডেস্ক: দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচনে শান্তিপূর্ণ ভোট করাতে রাজ্যের বিভিন্ন বুথে বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছে নির্বাচন কমিশন। কিন্তু ভোটের দিনই সেই বাহিনীর বিরুদ্ধে একের পর এক মারধর ও লাঠিচার্জের অভিযোগ সামনে আসায় নতুন করে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। কোথাও সাধারণ ভোটার, কোথাও ক্যানসারে আক্রান্ত মহিলা, আবার কোথাও শিশুর উপর হামলার অভিযোগ উঠেছে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে।
তারকেশ্বরে ভোট দিতে আসা মানুষদের লাইনে দাঁড়িয়ে থাকার সময় লাঠিচার্জ করা হয়েছে বলে অভিযোগ। তৃণমূল প্রার্থী রামেন্দু সিংহরায় দাবি করেছেন, ওই ঘটনায় এক ক্যানসার আক্রান্ত মহিলাকেও মারধরের শিকার হতে হয়েছে।
এদিকে দক্ষিণ ২৪ পরগনার সাতগাছিয়া বিধানসভার ১১৬ নম্বর বুথে আরও গুরুতর অভিযোগ সামনে এসেছে। সেখানে কেন্দ্রীয় বাহিনীর লাঠির আঘাতে এক শিশু আহত হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে বুথ চত্বরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়েন।
সাতগাছিয়ার ঘটনাকে ঘিরে সরব হয়েছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। সমাজমাধ্যমে তিনি তীব্র আক্রমণ শানিয়ে লেখেন, ভোটের দিনে সাধারণ মানুষের উপর হামলা চালানো হয়েছে। তাঁর অভিযোগ, "অমিত শাহের জল্লাদ বাহিনী নিরীহ শিশুকেও রেহাই দেয়নি।" শুধু সাতগাছিয়াই নয়, রাজ্যের একাধিক জায়গা থেকেই কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগ উঠেছে। ভোটারদের সঙ্গে দুর্ব্যবহার, অকারণ লাঠিচার্জ এবং আতঙ্ক তৈরির অভিযোগে বিভিন্ন এলাকায় ক্ষোভ বাড়ছে।
এদিন দ্বিতীয় দফায় সাত জেলার মোট ১৪২টি আসনে ভোটগ্রহণ চলছে। বুথে বুথে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। বিক্ষিপ্ত অশান্তির খবর সামনে এলেও প্রশাসনের দাবি, সামগ্রিকভাবে নির্বাচন শান্তিপূর্ণভাবেই চলছে। তবে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে একাধিক অভিযোগ নতুন করে রাজনৈতিক চাপানউতোর বাড়িয়ে দিয়েছে।