পুবের কলম ওয়েব ডেস্কঃ রাজ্যে ২০ জুন পর্যন্ত মোতায়েন থাকবে কেন্দ্রীয় বাহিনী। রাজ্য সরকারের অনুরোধের ভিত্তিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ভোট পরবর্তী আইন-শৃঙ্খলা রক্ষার জন্য এই সিদ্ধান্ত নিয়েছে। ওই সময় পর্যন্ত রাজ্যে ৫০০ কোম্পানী বাহিনী মোতায়েন থাকবে।
আরও পড়ুন:
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, ভোট পরবর্তী সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলার জন্য রাজ্য সরকারের তরফে কেন্দ্রীয় বাহিনী রেখে দেওয়ার জন্য আবেদন জানানো হয়েছিল।
গত ১৬ মে এবিষয়ে চিঠি দেওয়া হয়। তাতে আগামী অক্টোবর পর্যন্ত রাজ্যে ৫০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখার আবেদন জানিয়েছিল রাজ্য। তবে স্বরাষ্ট্র মন্ত্রক আপাতত ২০ জুন পর্যন্তই রাজ্যে ৫০০ কোম্পানি বাহিনী রাখার সিদ্ধান্ত নিয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব এবং রাজ্য পুলিশের ডিজির তরফে চিঠি পাঠানো হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, কেন্দ্রীয় বাহিনীর ৫০০ কোম্পানির মধ্যে সিআরপিএফ-এর ২০০, বিএসএফ-এর ১৫০ট এবং সিআইএসএফ, আইটিবিপি ও এসএসবি-র ৫০ কোম্পানি বাহিনী মোতায়েন থাকবে।আরও পড়ুন:
রাজ্য সরকারের এক উচ্চ পদস্থ আধিকারিক জানিয়েছেন, বিধানসভা নির্বাচনের পর সংবেদনশীল এলাকাগুলিতে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহায়তা করার জন্যই মূলত এই বাহিনীগুলিকে রাখা হচ্ছে। এই সমস্ত এলাকাগুলোতে শান্তি নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধ করা তাদের কাজ। রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী সমন্বয় রেখে কাজ করছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক রাজ্য জুড়ে মোতায়েন থাকা কেন্দ্রীয় বাহিনীর থাকার জন্য প্রয়োজনীয় খাবার এবং অন্যান্য পরিচালনগত ব্যবস্থা নিশ্চিত করার বিষয়ে রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে।