পুবের কলম ওয়েবডেস্ক: প্রথম দফার ভোটের ঠিক এক সপ্তাহ আগে কোচবিহারে একসঙ্গে অসুস্থ হয়ে পড়লেন কেন্দ্রীয় বাহিনীর একাধিক জওয়ান। বুধবার সন্ধ্যায় এই ঘটনা সামনে আসতেই উদ্বেগ ছড়িয়েছে প্রশাসনিক মহলে। কী কারণে এত জওয়ান একসঙ্গে অসুস্থ হলেন, তা জানতে জেলা প্রশাসনের কাছে বিস্তারিত রিপোর্ট চেয়েছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবারের মধ্যেই সেই রিপোর্ট জমা দিতে বলা হয়েছে জেলা নির্বাচনী আধিকারিককে।


ভোটের নিরাপত্তা নিশ্চিত করতে রাজ্যের বিভিন্ন জেলায় বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। তাঁদের থাকার ব্যবস্থা করা হয়েছে বিভিন্ন স্কুল ও সরকারি ভবনে। কোচবিহার জেলার তুফানগঞ্জ মহকুমার তলিগুড়ি উচ্চ বিদ্যালয়ে এমনই একটি শিবিরে ছিলেন কয়েকজন জওয়ান।
বুধবার সন্ধ্যায় আচমকাই একের পর এক জওয়ান অসুস্থ হয়ে পড়েন।
জানা গিয়েছে, মোট ২৪ জন ভারত-তিব্বত সীমান্ত পুলিশের জওয়ান অসুস্থ হয়ে পড়েন। সূত্রের খবর, দুপুরে খাবার খাওয়ার পর থেকেই তাঁদের মধ্যে অনেকের পেটে ব্যথা ও বমির উপসর্গ দেখা দেয়। কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি খারাপ হওয়ায় অসুস্থ জওয়ানদের তড়িঘড়ি তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, প্রাথমিক চিকিৎসার পর ১০ জন জওয়ানকে ছেড়ে দেওয়া হয়েছে।
তবে এখনও ১৪ জন জওয়ান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের প্রাথমিক ধারণা, খাবারে বিষক্রিয়ার জেরেই এই ঘটনা ঘটতে পারে।
তবে জানা গিয়েছে, ওই শিবিরে জওয়ানরাই নিজেদের রান্না করে খাওয়া-দাওয়া করেন। ফলে ঠিক কোন খাবার থেকে সমস্যা হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। তাঁরা যে খাবার ও পানীয় জল গ্রহণ করেছিলেন, সেগুলির নমুনা পরীক্ষা করা হতে পারে বলেও জানা গিয়েছে।
এই ঘটনার কারণ জানতে নির্বাচন কমিশন দ্রুত রিপোর্ট চেয়েছে। জেলা নির্বাচনী আধিকারিককে পুরো ঘটনার বিস্তারিত বিবরণ দিয়ে বৃহস্পতিবারের মধ্যেই জবাব জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।