পুবের কলম ওয়েব ডেস্কঃ ভোট মুখী বাংলায় এখন নির্বাচনী উত্তাপ চরমে। এই আবহে বিজেপির বিরুদ্ধে ষড়যন্ত্র থেকে শুরু করে একের পর এক অভিযোগ তলে আসছে তৃণমূল কংগ্রেস। এমনকি অবাধ ও শান্তিপূর্ণ ভোটের লক্ষ্যে রাজ্যে মোতায়েন করা কেন্দ্রীয় বাহিনীও বিজেপির হয়ে কাজ করছে এমন অভিযোগও উঠেছে। আর এবার আরও বড় অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি বিস্ফোরক অভিযোগ তুলে বলেন, সেন্ট্রাল ফোর্স দিয়ে ছাপ্পা করাবে বিজেপি। শুধু তাই নয়, কোথায় ছাপ্পা করানো হতে পারে সেই আশঙ্কাও করেছেন তিনি। 

মঙ্গলবার জগদ্দলে নির্বাচনী প্রচারে যান মমতা। সেই সভা থেকে মমতা সরাসরি বিজেপি ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, "আমার কেন্দ্রের তিনটে ওয়ার্ড বেছে নিয়েছে সেন্ট্রাল ফোর্সকে দিয়ে ছাপ্পা করাবে!

" তবে তা হতে দেবেন না বলেও কড়া বার্তা দেন মমতা। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, "যেখানে ঝামেলা হবে সেখানে আমি চলে যাবো। পারলে আমাকে আটকাও।" শুধু তাই নয়, তাঁকে ব্যান করলেও কিছু করতে পারবে না বলে চ্যালেঞ্জ ছুঁড়ে দেন মমতা।
 

উল্লেখ্য, মঙ্গলবার জগদ্দলে সোমনাথ শ্যামের সমর্থনে নির্বাচনী প্রচার চালান মমতা। মমতার আশঙ্কা তাঁর কেন্দ্রের ৭৭, ৬৩ সহ তিনটি ওয়ার্ডে এই ছাপ্পা হতে পারে। শুধু তাই নয়, ইডি সিবিআইকে ব্যবহারের অভিযোগ তুলেও কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে সরব হন। এদিনের প্রচারের সভা থেকে সোমনাথকে গ্রেফতারির আশঙ্কা করেন। ইভিএম নিয়েও সতর্ক করেন মমতা। তিনি আশঙ্কা করে বলেন, ইভিএম কাউন্টিংয়ের জন্য নিয়ে যাওয়া হবে। ইভিএম বদল করা হতে পারে।