পুবের কলম ওয়েব ডেস্ক: বঙ্গে বিধানসভা নির্বাচনকে ঘিরে প্রচার এখন তুঙ্গে। আগামী সপ্তাহে প্রথম দফার নির্বাচন। তার আগে প্রচারে ঝাঁপিয়ে পড়েছে সব রাজনৈতিক দল। হাতে সময় কম থাকায় চাঁদি ফাটা রোদেও চলছে প্রচার। অন্যান্য রাজনৈতিক নেতাদের মতো এখন প্রচারে ব্যস্ত বিজেপির তারকা প্রচারক মিঠুন চক্রবর্তী।

আজ বৃহস্পতিবার মুর্শিদাবাদের বহরমপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুব্রত মিত্রের সমর্থনে প্রচারে গিয়েছিলেন মিঠুন। সেখানে ঘটল বিপত্তি। বিজেপির আয়োজিত রোডশো চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন বিজেপি নেতা ও অভিনেতা মিঠুন চক্রবর্তী। পরিস্থিতি খারাপ হতে দেখেই তাঁকে দ্রুত কর্মসূচি থেকে সরিয়ে বিশ্রামের জন্য অন্যত্র নিয়ে যাওয়া হয়। এরপর তাঁর অনুপস্থিতিতেই রোডশো এগিয়ে নিয়ে যান দলের নেতা-কর্মীরা।

বৃহস্পতিবার বহরমপুরের গান্ধী কলোনি এলাকার সার্কিট হাউসের সামনে থেকে বিজেপির এই রোডশো শুরু হয়েছিল। দলীয় সূত্রে জানা গিয়েছে, মিছিল যখন নতুন বাজার এলাকায় পৌঁছায়, তখনই মিঠুন অস্বস্তি অনুভব করতে শুরু করেন। তাঁর শারীরিক অবস্থার কথা বিবেচনা করে সঙ্গে সঙ্গে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়।
তারপর দ্রুত তাঁকে বিশ্রামের জন্য নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হয়। এদিকে মিঠুনকে ছাড়াই প্রার্থী সুব্রত মিত্র ও বিজেপির অন্যান্য নেতা-কর্মীরা মিছিল এগিয়ে নিয়ে যান খাগড়া চৌরাস্তার দিকে। বিজেপি সূত্রে জানা গিয়েছে, প্রবল গরমের কারণেই তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন বলে মনে করা হচ্ছে। পরে তাঁকে কলকাতার উদ্দেশে রওনা করিয়ে দেওয়া হয়েছে।