পুবের কলম ওয়েব ডেস্কঃ গণনার আগের দিন উত্তেজনা ছড়াল ভবানীপুরের শাখাওয়াত মেমোরিয়াল স্কুলের স্ট্রংরুমের বাইরে। তৃণমূলের অভিযোগ, বিনা তল্লাশিতে বাইরের গাড়ি ভিতরে ঢোকার অনুমতি দেওয়া হচ্ছে। গাড়িতে বিজেপ্রি স্টিকার ও ঝান্ডা লাগানো  হয়েছিল বলে অভিযোগ। এই ঘটনা ঘিরে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন তৃণমূল কর্মীরা। তাঁরা পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জরিয়ে পড়েন। ঘটনাকে কেন্দ্র করে ক্রমেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি।

পরে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী বিক্ষোভকারীদের সরাতে তৎপর হয়। 

ভবানীপুরের স্ট্রংরুম শাখাওয়াত মেমোরিয়াল স্কুলের কড়া নিরাপত্তা রয়েছে। স্কুলের বাইরে ২০০ মিটারের মধ্যে ১৬৩ ধারা জারি করা হয়েছে। পুলিশের পাশাপাশি রয়েছে কেন্দ্রীয় বাহিনী। তারপরেও সেখানে কীভাবে বিজেপির ঝান্ডা ও স্টিকার লাগানো গাড়ি ভিতরে প্রবেশ করল তাই নিয়ে প্রশ্ন তোলেন তৃণমূল কর্মীরা। তাঁদের অভিযোগ, আজ সকালে স্ট্রংরুমের বাইরে একটি স্করপিও গাড়ি এসে পৌঁছয়।

এরপর কয়েকজন গাড়িন থেকে নেমে সোজা চলে যান স্ট্রংরুমের ভিতরে। এরপরেই তৃণমূল কর্মীরা পুলিশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। তাঁরা স্ট্রংরুমের বাইরে জমায়েত করতে শুরু করেন। এনিয়ে পুলিশের সঙ্গে তাঁদের তীব্র বচসা বাঁধে। যদিও পুলিশ এই অভিযোগ অস্বীকার করেছে। তাদের বক্তব্য, স্ট্রংরুমের ভিতরে কেউ প্রবেশ করেনি।
বাইরে দিয়ে কোনও গাড়ি যাতায়াত করতেই পারে। তাতে যাত্রী থাকতে পারেন।  

উল্লেখ্য, স্ট্রংরুমের ভিতরে রয়েছে ইভিএম। তাতে বন্দি রয়েছে জনতার রায়। আগামীকাল ভোট গণনা। তার আগেই মমতা বন্দ্যোপাধ্যায় স্ট্রংরুম নিয়ে কর্মীদের সতর্ক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কারচুপির আশঙ্কায় গত বৃহস্পতিবার রাতে শাখাওয়াত মেমোরিয়াল স্কুলে ৪ ঘণ্টা পাহারায় ছিলেন মমতা। আর তারপর এবার ওই স্ট্রংরুম নিয়ে গুরুতর অভিযোগ তুলল তৃণমূল কংগ্রেস।