পুবের কলম ওয়েব ডেস্ক: দ্বিতীয় দফার ভোটগ্রহণ চলাকালীন হাওড়ার উদয়নারায়ণপুরে এক বৃদ্ধ ভোটারের মৃত্যুকে ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতের পরিবারের অভিযোগ, কেন্দ্রীয় বাহিনীর ধাক্কাতেই অসুস্থ হয়ে পড়ে মৃত্যু হয়েছে ওই বৃদ্ধের। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
মৃত ব্যক্তির নাম পূর্ণচন্দ্র দলুই।
পরিবারের সদস্যদের দাবি, পূর্ণচন্দ্রবাবু শারীরিকভাবে দুর্বল ছিলেন এবং একা চলাফেরা করতে পারতেন না। সেই কারণেই ছেলেকে সঙ্গে নিয়ে বুথে যান তিনি। অভিযোগ, বুথে ঢোকার সময় তরণী দলুই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের কাছে বাবার শারীরিক অবস্থার কথা জানিয়ে ভিতরে যাওয়ার অনুমতি চান। কিন্তু তাঁকে ঢুকতে দেওয়া হয়নি। অভিযোগ, তবুও ভোট দেওয়ার জন্য বারবার চেষ্টা চালান বৃদ্ধ। দু’বার ফিরে যাওয়ার পর তৃতীয়বার ফের আবেদন জানাতে গেলে কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ান পূর্ণচন্দ্রবাবুকে ধাক্কা দেন। সেই ধাক্কায় বাবা ও ছেলে দু’জনেই মাটিতে পড়ে যান বলে পরিবারের দাবি।
এর পরই অসুস্থ হয়ে পড়েন পূর্ণচন্দ্রবাবু। দ্রুত তাঁকে আমতা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পরিবারের অভিযোগ, জওয়ানদের ধাক্কাতেই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। ঘটনার পর ক্ষোভ প্রকাশ করেছেন উদয়নারায়ণপুরের তৃণমূল প্রার্থী সমীর পাঁজা। তাঁর বক্তব্য, একজন প্রবীণ ভোটারের সঙ্গে এ ধরনের আচরণ অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং নিন্দনীয়। ঘটনায় এলাকায় রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে।