পুবের কলম ওয়েব ডেস্কঃ পশ্চিমবঙ্গে ভোটগ্রহণ শেষ হওয়ার পরেও রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখার দাবিতে সুপ্রিম কোর্টে দায়ের হওয়া মামলার দ্রুত শুনানির আবেদন খারিজ করে দিল দেশের শীর্ষ আদালত। সোমবার, ভোটগণনার দিনই প্রধান বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চে এই আবেদন ওঠে। তবে আদালত স্পষ্ট জানিয়ে দেয়, এই বিষয়ে তাৎক্ষণিক হস্তক্ষেপের প্রয়োজন নেই।

মামলাকারী পক্ষের দাবি ছিল,  অতীতে পশ্চিমবঙ্গে নির্বাচন-পরবর্তী সময়ে একাধিকবার হিংসা ও অশান্তির ঘটনা ঘটেছে।

বিশেষ করে ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর রাজ্যের বিভিন্ন এলাকায় উত্তেজনা ও সংঘর্ষের অভিযোগ সামনে এসেছিল। সেই অভিজ্ঞতার কথা তুলে ধরে ভোটের ফল ঘোষণার পরেও কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীকে রাজ্যে রাখার নির্দেশ চেয়ে আদালতের দ্বারস্থ হন আবেদনকারী।

আবেদনকারীর পক্ষে আইনজীবী ভি গিরি জরুরি ভিত্তিতে মামলার শুনানির আবেদন জানান। এর জবাবে নির্বাচন কমিশনের আইনজীবী আদালতে বলেন, ভোটপর্ব শেষ হয়ে গেলে কমিশনের ভূমিকা কার্যত শেষ হয়ে যায়।

এরপর আইনশৃঙ্খলা রক্ষার বিষয়টি প্রশাসনিক ও রাজনৈতিক সিদ্ধান্তের আওতায় পড়ে। এই প্রসঙ্গে প্রধান বিচারপতির বেঞ্চ পর্যবেক্ষণে জানায়, রাজ্যের প্রশাসনিক ও রাজনৈতিক সিদ্ধান্ত আদালত নির্ধারণ করতে পারে না। আদালত মন্তব্য করে, এ ধরনের বিষয় রাজনৈতিক নেতৃত্ব ও প্রশাসনের ওপরই ছেড়ে দেওয়া উচিত।

উল্লেখযোগ্যভাবে, পশ্চিমবঙ্গের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন সংক্রান্ত একটি পৃথক মামলা ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে। আগামী ১১ মে সেই মামলার শুনানি হওয়ার কথা। আদালত ইঙ্গিত দিয়েছে, প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনী সংক্রান্ত এই বিষয়টিও ওই মূল মামলার সঙ্গেই বিবেচনা করা হতে পারে।