পুবের কলম ওয়েব ডেস্ক: ককরোচ জনতা পার্টির লাগাতার বিক্ষোভ কর্মসূচির জেরে গত চারদিন ধরে দিল্লির ১৬টি মেট্রো স্টেশন বন্ধ থাকায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ নিত্যযাত্রীরা। এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্টের আইনজীবীদের যাতায়াতের সমস্যার কথা তুলে ধরে খোদ প্রধান বিচারপতি সূর্য কান্তের হস্তক্ষেপ দাবি করলেন সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি বিকাশ সিং। বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করে দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন প্রধান বিচারপতি।
আরও পড়ুন:
বার অ্যাসোসিয়েশনের সভাপতির বক্তব্য, বর্তমানে বন্ধ থাকা স্টেশনগুলির মধ্যে সুপ্রিম কোর্ট মেট্রো স্টেশনটিও রয়েছে। এর ফলে আদালতকর্মী থেকে শুরু করে আইনজীবীরাও চূড়ান্ত অসুবিধার সম্মুখীন হচ্ছেন।
তাঁর আর্জি, অন্তত সুপ্রিম কোর্টের নিজস্ব পরিচয়পত্র দেখিয়ে তাঁদের মেট্রোয় প্রবেশের ছাড়পত্র দেওয়া হোক। এই আবেদনের প্রেক্ষিতে প্রধান বিচারপতি সূর্য কান্ত আদালতের আধিকারিকদের অবিলম্বে মেট্রো কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করার নির্দেশ দিয়েছেন। দুপুরের মধ্যে এই সমস্যার কোনও গ্রহণযোগ্য সমাধান সূত্র না বেরোলে তিনি নিজেই এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করবেন বলে জানিয়েছেন। পাশাপাশি, মেট্রো বন্ধ থাকার কারণে যে সকল আইনজীবী নির্দিষ্ট সময়ে আদালতে উপস্থিত হতে পারেননি, তাঁদের বিরুদ্ধে কোনও বিরূপ পদক্ষেপ গ্রহণ করা হবে না বলেও আশ্বস্ত করেছেন তিনি।আরও পড়ুন:
উল্লেখ্য, দেশের বেকার যুবক-যুবতীদের 'ককরোচ' বা আরশোলা বলে উল্লেখ করে প্রধান বিচারপতির একটি বিতর্কিত মন্তব্যের সূত্র ধরেই জন্ম নিয়েছিল এই ককরোচ জনতা পার্টি। বর্তমানে রাজধানীর বুকে তারা ধারাবাহিকভাবে প্রতিবাদ কর্মসূচি পালন করে চলেছে।