পুবের কলম ওয়েব ডেস্ক: পরীক্ষার প্রশ্নফাঁস ইস্যুতে দেশজুড়ে চলমান ডামাডোলের মাঝেই এবার নিজেদের অবস্থান স্পষ্ট করল কেন্দ্র। এই সমস্যা সমাধানে একে অপরকে দোষারোপের রাজনীতি সরিয়ে রেখে সংসদে বিরোধীদের সঙ্গে গঠনমূলক আলোচনায় বসতে প্রস্তুত মোদি সরকার। দিল্লিতে বিজেপির সদর দপ্তরে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে এই বার্তা দেওয়ার পাশাপাশি কংগ্রেস নেতা তথা বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে কড়া ভাষায় আক্রমণ করেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা।
আরও পড়ুন:
এদিন দুপুরেই রাহুল গান্ধী অভিযোগ তুলেছিলেন যে, বর্তমান কেন্দ্রীয় সরকারের শাসনকালে প্রায় ১৫২টি প্রশ্নফাঁসের ঘটনা ঘটলেও দোষীদের বিরুদ্ধে কোনও কড়া আইনি পদক্ষেপ বা গ্রেপ্তারির পথে হাঁটেনি প্রশাসন। এই মন্তব্যের প্রেক্ষিতে পালটা জবাব দিতে গিয়ে একাধিক বিরোধী শাসিত রাজ্যের উদাহরণ টেনে আনেন জেপি নাড্ডা।
হিমাচল প্রদেশ, কর্ণাটক, পাঞ্জাব এবং ঝাড়খণ্ডের মতো ইন্ডিয়া জোট পরিচালিত রাজ্যগুলির কথা উল্লেখ করে তিনি দাবি করেন যে, প্রশ্নফাঁসের এই ব্যাধি কেবল বিজেপি শাসিত রাজ্যেই সীমাবদ্ধ নয়, এটি একটি জাতীয় স্তরের বৃহত্তর সমস্যা।আরও পড়ুন:
প্রাক্তন বিজেপি সভাপতির সুস্পষ্ট অভিযোগ, বিরোধী দলনেতা আসলে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ বা শিক্ষাব্যবস্থার উন্নতির কথা বিন্দুমাত্র ভাবছেন না। বরং পড়ুয়াদের আবেগ এবং আন্দোলনকে ঢাল হিসেবে ব্যবহার করে তিনি স্রেফ রাজনৈতিক ফায়দা লুটতে চাইছেন। নাড্ডার প্রশ্ন, রাহুল গান্ধী কেন নির্দিষ্ট কয়েকটি ঘটনা বেছে নিয়ে ময়দানে নামছেন এবং বিরোধী শাসিত রাজ্যগুলির ক্ষেত্রে সম্পূর্ণ নিশ্চুপ থাকছেন?
রাজনৈতিক কাদা ছোঁড়াছুঁড়ি বন্ধ করে সংসদে কবে এবং কখন বিরোধীরা এই বিষয়ে আলোচনায় বসতে চান, তা দ্রুত স্থির করার আহ্বান জানিয়েছে কেন্দ্র। স্বাস্থ্যমন্ত্রীর মতে, প্রশ্নফাঁস রুখতে কড়া এবং স্থায়ী নীতি প্রণয়ন করা যেমন সরকারের দায়িত্ব, ঠিক তেমনই বিরোধীদেরও সমান কর্তব্য রয়েছে।