ভোটার তালিকা সংশোধন (এসআইআর) সংক্রান্ত বিষয় নিয়ে প্রায় ২০ হাজার মানুষের স্বাক্ষরসহ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির দপ্তরে স্মারকলিপি জমা দিয়েছে সিপিআই (এমএল) লিবারেশন।
দলটির দাবি, এক মাস ধরে রাজ্যজুড়ে প্রচার ও গণসংযোগ চালিয়ে বিচারাধীন এবং ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া প্রায় ২০ হাজার ভোটারের ইপিক নম্বর, নাম ও স্বাক্ষর সংগ্রহ করা হয়েছে। সেই নথিই প্রধান বিচারপতির কাছে জমা দেওয়া হয়েছে।
আরও পড়ুন:
স্মারকলিপিতে তিনটি প্রধান দাবি তুলে ধরা হয়েছে।
প্রথমত, ভোটার তালিকা সংক্রান্ত বিচারাধীন মামলাগুলির দ্রুত নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় নির্দেশ দেওয়ার আবেদন জানানো হয়েছে। দ্বিতীয়ত, প্রয়োজন হলে ব্লক, মহকুমা বা জেলা স্তরে অতিরিক্ত ট্রাইবুনাল গঠন অথবা অন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়ার দাবি করা হয়েছে। তৃতীয়ত, ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার কারণে যেন কোনো ব্যক্তির সামাজিক সুরক্ষা প্রকল্প বা সরকারি সুবিধা বন্ধ না করা হয় এবং ন্যায়বিচারের নীতি যাতে অক্ষুণ্ন থাকে, সে বিষয়ে আদালতের হস্তক্ষেপ চাওয়া হয়েছে।সিপিআই (এমএল) লিবারেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, উত্থাপিত দাবিগুলির দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে জনস্বার্থ মামলা দায়েরের অনুমতি চেয়ে প্রধান বিচারপতির কাছে আবেদনও জানানো হয়েছে।