শিক্ষক, আইএএস বা অন্য যে কোনো পেশায় সাফল্য অর্জনের আগে একজন আদর্শ মা হওয়ার শিক্ষা নেওয়া প্রয়োজন বলে মন্তব্য করেছেন উত্তরপ্রদেশের রাজ্যপাল ও গুজরাটের সাবেক মুখ্যমন্ত্রী আনন্দিবেন প্যাটেল। বৃহস্পতিবার কানপুরের ছত্রপতি শাহুজি মহারাজ বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, পেশাগত জীবনে সফল হওয়ার পাশাপাশি পারিবারিক দায়িত্ব ও মূল্যবোধের প্রতিও সমান গুরুত্ব দেওয়া উচিত।
আনন্দিবেন প্যাটেল বলেন, “আপনি শিক্ষক হন, আইএএস হন বা অন্য যে কোনো পেশায় থাকুন না কেন, একজন ভালো মা হওয়াটাও গুরুত্বপূর্ণ। প্রত্যেকেরই রান্না করা, পরিবারের জন্য খাবার প্রস্তুত করা ও যত্ন নেওয়ার মতো মৌলিক বিষয়গুলো জানা উচিত।


তিনি অভিভাবকদের প্রতিও আহ্বান জানিয়ে বলেন, নিয়মিত শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে মেয়েদের খোঁজখবর রাখা প্রয়োজন। তাঁর মতে, শিক্ষাজীবনের ছোটখাটো ভুল ভবিষ্যতে বড় প্রভাব ফেলতে পারে।
গার্হস্থ্য সহিংসতা ও নারীদের ওপর নির্যাতনের ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে রাজ্যপাল বলেন, কেবল প্রাতিষ্ঠানিক শিক্ষা নয়, সমাজ গঠনের উপযোগী মূল্যবোধের শিক্ষাও সমানভাবে জরুরি। তাঁর ভাষায়, “পেশাদারিত্বের কারণে পরিবারকে অবহেলা করা উচিত নয়।
শিক্ষা এমন হওয়া দরকার, যা সমাজের উন্নয়ন ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে সহায়তা করে। ডিগ্রির সংখ্যা বাড়লেও যদি সামাজিক অবক্ষয় বাড়ে, তবে আমাদের শিক্ষা ব্যবস্থা নিয়ে নতুন করে ভাবতে হবে।”
রাজ্যপালের এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। কেউ কেউ মনে করছেন, তাঁর বক্তব্যে পারিবারিক দায়িত্ব ও সামাজিক মূল্যবোধের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। আবার অনেকে প্রশ্ন তুলেছেন, নারীর ভূমিকা সম্পর্কে এমন মন্তব্য বর্তমান সময়ের সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ।