পুবের কলম ওয়েব ডেস্ক: চেক বাউন্স মামলায় অভিনেতা রাজপাল যাদবকে আবারও জেলে পাঠাল দিল্লি হাইকোর্ট। জানা গিয়েছে, আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে অভিনেতার করা সমস্ত আবেদনও খারিজ করে দিয়েছেন বিচারপতি স্বর্ণকান্তা শর্মা। দিল্লি হাইকোর্ট তাঁকে সাতটি আলাদা মামলার প্রতিটিতে তিন মাস করে কারাদণ্ডের নির্দেশ দিয়েছে।
আরও পড়ুন:
বিচারপতি স্বরনা কান্তা শর্মার বেঞ্চ এই রায় ঘোষণার পাশাপাশি জানিয়েছে, অভিনেতাকে প্রতিটি মামলায় অভিযোগকারীকে ১ কোটি ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে।
একইসঙ্গে রাষ্ট্রকে ২৫ হাজার টাকা এবং রাজপালের স্ত্রী রাধা যাদবকেও প্রতিটি মামলায় ৫ লক্ষ ৫১ হাজার ৩৮০ টাকা করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে অভিনেতা ইতিমধ্যেই যে ২ কোটি ২৫ লক্ষ টাকা মিটিয়েছেন, তা চূড়ান্ত টাকার অঙ্ক থেকে বাদ দেওয়া হবে বলে আদালত স্পষ্ট করেছে।আরও পড়ুন:
মামলার বয়ান অনুযায়ী, ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত তাঁর নিজের পরিচালিত প্রথম ছবি ‘আতা পাতা লাপাতা’ বক্স অফিসে চূড়ান্ত ব্যর্থ হওয়ার পরই এই বিপুল আর্থিক ঋণের ফাঁদে পড়েন অভিনেতা। শুনানির সময় দিল্লি হাইকোর্ট একাধিকবার বিষয়টি মীমাংসা করার চেষ্টা করেছিল।
অভিযোগকারীকে এককালীন ৬ কোটি টাকা অথবা কাঠামোগতভাবে ৩ কোটি টাকা পরিশোধের প্রস্তাবও দেওয়া হয়েছিল। কিন্তু রাজপাল যাদব তা প্রত্যাখ্যান করে আদালতকে জানান যে, তিনি ইতিমধ্যেই প্রবল আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন এবং ধার মেটাতে সম্পত্তি বিক্রি করতে বাধ্য হয়েছেন।টাকা ফেরতের বিষয়ে বারবার বয়ান বদল করার কারণে আদালত অভিনেতার প্রতি তীব্র অসন্তোষ প্রকাশ করে। অভিযোগকারী কোম্পানির আইনজীবী অবনীত সিং সিক্কা সওয়াল করেন যে, সাজার মেয়াদ শেষ হলেও চেক বাউন্সের আর্থিক দায় কোনওভাবেই মুছে যায় না। সমস্ত পক্ষের বক্তব্য শোনার পর গত ২ এপ্রিল আদালত রায় সংরক্ষিত রেখেছিল, যা আজ ঘোষণা করা হল।