পুবের কলম ওয়েব ডেস্কঃ ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গের সংশোধনাগারগুলিতে নিরাপত্তা আরও শক্ত করতে একাধিক নির্দেশ জারি নির্বাচন কমিশন। অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে রাজ্যের সব জেল ও সংশোধনাগারে নজরদারি বাড়ানোর কথা বলা হয়েছে প্রশাসনকে। কমিশনের নির্দেশ অনুযায়ী, প্রতিটি সংশোধনাগারে নিয়মিতভাবে আকস্মিক তল্লাশি বা ‘সারপ্রাইজ ইন্সপেকশন’ চালাতে হবে। প্রতিটি পরিদর্শনের পর তার বিস্তারিত রিপোর্ট নির্বাচন কমিশনের কাছে পাঠানো বাধ্যতামূলক করা হয়েছে।
এই তল্লাশি পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে ডেপুটি ইনস্পেক্টর জেনারেল (ডিআইজি) বা সুপারিন্টেনডেন্ট স্তরের আধিকারিকদের। উদ্দেশ্য একটাই, জেলের ভিতরে কোনওরকম বেআইনি কার্যকলাপ বা নিরাপত্তা ঘাটতি যাতে না থাকে।আরও পড়ুন:
নির্দেশিকায় আরও বলা হয়েছে, ভোটের সময়সীমার মধ্যে কোনও বন্দিকে প্যারোল, ফার্লো বা অস্থায়ী মুক্তি দেওয়া যাবে না। তবে বিশেষ মানবিক পরিস্থিতিতে ব্যতিক্রম হতে পারে।
সে ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলার নির্বাচন আধিকারিকের লিখিত অনুমতি নিতে হবে। এছাড়াও জেলগুলিতে মোবাইল ফোন ব্যবহার সম্পূর্ণরূপে বন্ধ রাখতে সিগন্যাল জ্যামারগুলির কার্যকারিতা নিয়মিত পরীক্ষা করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিদিন জ্যামার পরীক্ষা করতে হবে এবং কোথাও সমস্যা ধরা পড়লে দ্রুত তা মেরামতের ব্যবস্থা করতে হবে বলে জানানো হয়েছে।আরও পড়ুন:
উল্লেখযোগ্যভাবে, নির্বাচনের আগে প্রশাসনিক রদবদলের অংশ হিসেবে রাজ্যের কারা বিভাগের শীর্ষ পদেও পরিবর্তন আনা হয়েছে। কমিশনের সিদ্ধান্তে লক্ষ্মী নারায়ণ মিনাকে সরিয়ে ডিজি (কারা) পদে দায়িত্ব দেওয়া হয়েছে এন রমেশ বাবুকে এই বদলির পর থেকেই সংশোধনাগারগুলির নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করার ওপর বিশেষ জোর দেওয়া হচ্ছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। ভোটের আগে জেল ব্যবস্থাকে পুরোপুরি নিয়ন্ত্রণে রাখা এবং কোনও ধরনের প্রভাব বা অনিয়ম রোধ করতেই নির্বাচন কমিশনের এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।