টানা বৃষ্টির কারণে সফরসূচিতে পরিবর্তন আনতে হলো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে। বৃহস্পতিবার রাত থেকে শুরু হওয়া ভারী বৃষ্টির রেশ শুক্রবার সকালেও অব্যাহত থাকায় আকাশপথে যাওয়ার পরিকল্পনা বাতিল করে সড়কপথেই মুর্শিদাবাদের উদ্দেশে রওনা দেন তিনি।

শুক্রবার বেলা সাড়ে ১১টা নাগাদ ১২ নম্বর জাতীয় সড়ক ধরে হরিণঘাটার বিরহী এলাকা অতিক্রম করে মুখ্যমন্ত্রীর কনভয়। তাঁর যাত্রাপথজুড়ে ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা।

মুখ্যমন্ত্রী হওয়ার পর এই প্রথম সরকারি সফরে মুর্শিদাবাদ যাচ্ছেন শুভেন্দু অধিকারী।

জানা গেছে, বহরমপুরের একটি হোটেলে দলের সাংগঠনিক বৈঠকে অংশ নেওয়ার পর তিনি রবীন্দ্রসদনে প্রশাসনিক বৈঠকে যোগ দেবেন। এছাড়া রেজিনগরে একটি দলীয় সভায়ও তাঁর বক্তব্য রাখার কথা রয়েছে।

উল্লেখ্য, রেজিনগর আমজনতা উন্নয়ন পার্টির বিধায়ক হুমায়ুন কবীরের রাজনৈতিক ঘাঁটি হিসেবে পরিচিত। সম্প্রতি বিধানসভায় হুমায়ুন কবীরের এক মন্তব্যকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী কড়া প্রতিক্রিয়া জানিয়েছিলেন। তিনি স্পষ্ট ভাষায় বলেছিলেন, আইন নিজের পথেই চলবে এবং কেউ আইনের ঊর্ধ্বে নন।

সেই প্রেক্ষাপটে রেজিনগরের সভা থেকে মুখ্যমন্ত্রী কী বার্তা দেন, সেদিকে রাজনৈতিক মহলের নজর থাকবে।