পুবের কলম ওয়েব ডেস্ক: মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এই প্রথম মুর্শিদাবাদ সফরে গিয়ে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার সড়কপথে বহরমপুরে পৌঁছে রবীন্দ্র সদনে একটি প্রশাসনিক বৈঠকে অংশ নেন তিনি। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান, আগামী সোমবার থেকেই রাজ্যজুড়ে কঠোরভাবে কার্যকর হতে চলেছে গুন্ডাদমন আইন। ইতিমধ্যেই বিধানসভায় পাশ হওয়া এই বিলে রাজ্যপাল তাঁর চূড়ান্ত অনুমোদন দিয়েছেন বলে তিনি নিশ্চিত করেছেন।

এর পাশাপাশি, রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি বা ইউসিসি কার্যকর করার বিষয়েও দ্রুত বিধানসভায় বিল আনা হবে বলে তিনি জানান।

এদিন মুর্শিদাবাদের প্রশাসনিক পরিকাঠামো এবং দীর্ঘদিনের ভৌগোলিক সমস্যা নিয়েও বড় বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, জঙ্গিপুরকে একটি পৃথক জেলা হিসেবে গড়ে তোলার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। তবে সম্পূর্ণ আইন মেনে এই কাজ করা হবে বিধায় হাইকোর্ট, কেন্দ্রীয় সরকার এবং নির্বাচন কমিশনের ছাড়পত্র জোগাড় করতে আরও অন্তত ছয় থেকে আট মাস সময় লাগবে।

এছাড়া, মালদহ এবং মুর্শিদাবাদ জেলার অন্যতম বড় সমস্যা গঙ্গা ভাঙন রুখতে ৩,৬০০ কোটি টাকার একটি বিশাল প্রকল্পের কথা ঘোষণা করেছেন তিনি। কেন্দ্র এবং রাজ্যের সমান আর্থিক অংশীদারিত্বে এই কাজ সম্পন্ন হলে ফরাক্কা থেকে ভগবানগোলা ও লালগোলা পর্যন্ত গঙ্গা ভাঙন সমস্যার চিরস্থায়ী সমাধান মিলবে বলে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।

এছাড়াও বিভিন্ন সরকারি প্রকল্পে ব্যাপক দুর্নীতির প্রসঙ্গটিও এদিন স্পষ্টভাবে তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, আগে সঠিকভাবে তথ্য যাচাই না হওয়ার সুযোগ নিয়ে ভুয়ো তথ্য দেখিয়ে প্রচুর সরকারি টাকা আত্মসাৎ করা হয়েছে। বর্তমানে প্রশাসন কড়া হাতে সুবিধাভোগীদের ব্যাংক অ্যাকাউন্টগুলি যাচাই করার কাজ শুরু করেছে। আর এই নজরদারির ফলেই সরকারি প্রকল্পের খাতায় থাকা অসংখ্য ভুয়ো অ্যাকাউন্ট এখন ধরা পড়ছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন।