ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বড় ছেলে ইয়াইর নেতানিয়াহু নিজের নাম পরিবর্তন করেছেন বলে দাবি করেছে দেশটির প্রভাবশালী দৈনিক হারেৎজ।
বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে পত্রিকাটি জানায়, প্রায় দেড় বছর ধরে সরকারি নথিতে ইয়াইরের নাম ‘ইয়োনাতান হান’ হিসেবে নিবন্ধিত রয়েছে। ইসরায়েলের কর কর্তৃপক্ষের নথি পর্যালোচনা করে এ তথ্য পাওয়া গেছে। ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত তাঁর নাম ছিল ‘ইয়াইর নেতানিয়াহু’।
গাজা যুদ্ধকে কেন্দ্র করে আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েল এবং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর রাজনৈতিক, আইনি ও কূটনৈতিক চাপ বাড়ার প্রেক্ষাপটে এই তথ্য সামনে এসেছে। তবে ইয়াইর কেন নাম পরিবর্তন করেছেন, সে বিষয়ে তিনি বা তাঁর পরিবারের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়নি।
ইয়াইর নেতানিয়াহু এর আগে যুক্তরাষ্ট্রে অবস্থানকালে বিভিন্ন কর্মকাণ্ড ও প্রকাশ্য মন্তব্যের কারণে একাধিকবার আলোচনায় এসেছেন। অন্যদিকে তাঁর বাবা বেনিয়ামিন নেতানিয়াহু দুর্নীতির একাধিক মামলার পাশাপাশি গাজা যুদ্ধকে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা গ্রেপ্তারি পরোয়ানার মুখোমুখি রয়েছেন।
আরও পড়ুন:
হারেৎজ আরও জানিয়েছে, নেতানিয়াহু পরিবারে নাম পরিবর্তনের ঘটনা এবারই প্রথম নয়। ইয়াইরের ছোট ভাই অ্যাভনারও কয়েক বছর আগে নিজের নাম পরিবর্তন করেছিলেন। এছাড়া বেনিয়ামিন নেতানিয়াহুও যুক্তরাষ্ট্রে বসবাসের সময় ‘বেন নিতাই’ নামে পরিচিত ছিলেন বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।