পুবের কলম ওয়েব ডেস্ক: মেট্রো রেলের নির্মাণ কাজের জন্য ফের চিংড়িঘাটা উড়ালপুলে যান চলাচল নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিল কলকাতা পুলিশ। এর আগে জুলাই মাসের প্রথম সপ্তাহে এই উড়ালপুলটি বন্ধ রাখার কথা ঘোষণা করা হলেও পরবর্তীতে তা সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছিল। তবে এবার মেট্রোর কাজের জন্য উড়ালপুল বন্ধ রাখার নতুন সময়সূচি জানিয়ে দেওয়া হয়েছে।

কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগের জারি করা নতুন নির্দেশিকা অনুযায়ী, আগামী ১০ জুলাই রাত ৮টা থেকে ১৩ জুলাই (সোমবার) সকাল ৮টা পর্যন্ত চিংড়িঘাটা উড়ালপুলের ওপর দিয়ে যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে।

জানা গিয়েছে, মূলত মেট্রোর ওরেঞ্জ লাইনের সেগমেন্ট লঞ্চিংয়ের গুরুত্বপূর্ণ কাজের জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। 

মেট্রো রেল কর্তৃপক্ষের লক্ষ্য, চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই কবি সুভাষ থেকে নিউটাউন পর্যন্ত মেট্রো পরিষেবা সাধারণ যাত্রীদের জন্য চালু করে দেওয়া। সেই লক্ষ্যমাত্রায় পৌঁছতেই বর্তমানে যুদ্ধকালীন তৎপরতায় এই করিডরের বিভিন্ন অংশে দ্রুতগতিতে নির্মাণ কাজ চালানো হচ্ছে।
উড়ালপুল বন্ধ থাকাকালীন সাধারণ মানুষের যাতে যাতায়াতে কোনো সমস্যা না হয়, তার জন্য বিকল্প রাস্তার কথাও পুলিশের নির্দেশিকায় স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। নির্দেশিকা অনুযায়ী, যে সমস্ত উত্তরমুখী যানবাহন চিংড়িঘাটা ফ্লাইওভার হয়ে সল্টলেকের দিকে যাতায়াত করে, বন্ধ থাকার দিনগুলিতে তাদের বেলেঘাটা মেন রোড এবং বাইপাস ক্রসিং থেকে ব্রডওয়ে হয়ে সল্টলেকের দিকে ঘুরিয়ে দেওয়া হবে।