ব্যাঙ্কের হিসাব সংক্রান্ত মামলায় সাময়িক স্বস্তি পেল কালীঘাট তৃণমূল। অবসরপ্রাপ্ত বিচারপতি সুব্রত তালুকদারকে বিশেষ পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করেছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। তাঁর তত্ত্বাবধানেই কালীঘাট তৃণমূল ব্যাঙ্ক হিসাব থেকে অর্থ তুলতে পারবে বলে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।

আদালতের নির্দেশ অনুযায়ী, আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এই বিশেষ পর্যবেক্ষক দায়িত্বে থাকবেন। ব্যাঙ্ক হিসাব পরিচালনার জন্য যাঁরা অনুমোদিত, তাঁরাই অর্থ লেনদেন করতে পারবেন।

তবে প্রতিটি লেনদেনে বিচারপতি সুব্রত তালুকদারের প্রতিস্বাক্ষর থাকা বাধ্যতামূলক। পাশাপাশি প্রতিদিনের ব্যয়ের পূর্ণাঙ্গ হিসাব আদালতে জমা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে, এই মামলার শুনানিতে বিদ্রোহী শিবির, অর্থাৎ ঋতব্রত তৃণমূলকে ভর্ৎসনা করে আদালত। বিচারপতি সৌগত ভট্টাচার্য প্রশ্ন তোলেন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সময় একই ব্যাঙ্ক হিসাব থেকে অর্থ তোলা হয়েছিল, তখন কোনো আপত্তি জানানো হয়নি। কিন্তু নির্বাচনের ফল প্রকাশের পর কেন অভিযোগ তোলা হচ্ছে,সেই প্রশ্নও আদালতের পক্ষ থেকে উত্থাপন করা হয়।