মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুঁশিয়ারির পর দক্ষিণ ইরানে যুক্তরাষ্ট্রের হামলায় অন্তত ৮ জন ইরানি সেনা নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার ভোরে বন্দর আব্বাস ও বুশেহর এলাকায় এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা।

ইরনার প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে ইরানের বিমান বাহিনী ও নৌবাহিনীর সদস্যরা রয়েছেন। হামলার পর ওই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করছে ইরানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এদিকে যুক্তরাষ্ট্রের এই হামলার তীব্র নিন্দা জানিয়ে ইরানের সর্বোচ্চ নেতার জ্যেষ্ঠ উপদেষ্টা আলী আকবর বেলায়েতি বলেছেন, এই ‘দুঃসাহসিকতার’ যথাযথ জবাব দেওয়া হবে। তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রের পদক্ষেপ মধ্যপ্রাচ্যে নতুন করে অস্থিতিশীলতা সৃষ্টি করছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় বেলায়েতি দাবি করেন, যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার প্রতিশ্রুতি ভঙ্গ করে প্রেসিডেন্ট ট্রাম্প অঞ্চলটিকে আবারও সংঘাতের দিকে ঠেলে দিয়েছেন।

তিনি আরও বলেন, ‘আমরা আগেই সতর্ক করেছিলাম, এই অঞ্চল কোনো রাজনৈতিক জুয়া খেলার ক্ষেত্র নয়। অতীতেও আমরা দেখিয়েছি, যে কোনো দুঃসাহসিক আগ্রাসনের দ্রুত ও উপযুক্ত জবাব দিতে আমরা সক্ষম।’