শ্রীলঙ্কার একটি কারাগারে বন্দিদের দুই পক্ষের ভয়াবহ সংঘর্ষে অন্তত ২৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও প্রায় ১০০ জন। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এটি কারাগারের ভেতরে ঘটে যাওয়া সবচেয়ে প্রাণঘাতী সংঘর্ষ।
রবিবার রাজধানী কলম্বো থেকে প্রায় ৩৫ কিলোমিটার উত্তরে উপকূলীয় শহর নেগোম্বোর একটি কারাগারে এ সংঘর্ষের সূচনা হয়। সাজাপ্রাপ্ত বন্দি ও বিচারাধীন বন্দিদের দুই পক্ষের মধ্যে বিরোধ থেকে পরিস্থিতি দ্রুত সহিংস রূপ নেয়।
কর্মকর্তাদের মতে, অতিরিক্ত বন্দি-সংখ্যার চাপে থাকা কারাগারটিতে প্রথমে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। সোমবার সকালে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে, যখন একদল উচ্ছৃঙ্খল বন্দি কারাগারের অস্ত্রাগারের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে।
প্রাথমিক সংঘর্ষের পর আতঙ্কে কয়েকজন নারী বন্দি কারাগারের ছাদে উঠে গেলে ছাদের একটি অংশ ধসে পড়ে। এতে অন্তত চারজন আহত হন।
কারা বিভাগের গণমাধ্যম মুখপাত্র এসি গাজানায়েকে জানান, সোমবার সকালে সংঘর্ষ নতুন করে শুরু হলে বন্দিরা কারা কর্মকর্তাদের ওপর হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কর্মকর্তারা প্রধান ফটকের দিকে সরে যেতে বাধ্য হন। একপর্যায়ে কয়েকজন বন্দি প্রধান ফটক ভেঙে বেরিয়ে যাওয়ার চেষ্টা করলে নিরাপত্তাকর্মীরা ন্যূনতম প্রয়োজনীয় বলপ্রয়োগ করেন।
তিনি আরও জানান, বন্দিদের খাবার বিতরণের সময় পুরুষ ওয়ার্ডে দুই প্রতিদ্বন্দ্বী পক্ষের মধ্যে বাকবিতণ্ডা থেকেই এই সংঘর্ষের সূত্রপাত হয়। বর্তমানে নেগোম্বো কারাগারে প্রায় ২,৪০০ বন্দি রয়েছেন।