অসম বিধানসভায় আনুষ্ঠানিকভাবে চালু হল হিন্দি ভাষা। অসমিয়া, ইংরেজি ও বড়োর পর এটি বিধানসভার চতুর্থ স্বীকৃত ভাষা হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে। সোমবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এই ঘোষণা করেন বিধানসভার স্পিকার রঞ্জিত কুমার দাস।

স্পিকার জানান, এই প্রথমবার হিন্দিকে বিধানসভার কার্যক্রমে অন্তর্ভুক্ত করা হল। তাঁর বক্তব্য, হিন্দিকে রাষ্ট্রীয় ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার ভাবনা থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

একই সঙ্গে তিনি জানান, ভবিষ্যতে বিধানসভার অধিবেশন সম্প্রচারকারী এএলএ টিভি-র নাম বদলে অসম বিধানসভা টিভি রাখা হবে।

এরই মধ্যে বিধানসভার লোগো থেকে বড়ো ভাষা সরানো হয়েছে বলে অভিযোগ ঘিরে রাজ্যজুড়ে বিতর্ক তৈরি হয়েছে। বিষয়টি নিয়ে অল বড়ো স্টুডেন্ট ইউনিয়ন বিক্ষোভ দেখায় এবং বড়ো সাহিত্য সভাও প্রতিবাদ জানায়। এই পরিস্থিতির মধ্যেই হিন্দি ভাষার অন্তর্ভুক্তি নতুন করে রাজনৈতিক ও সামাজিক আলোচনার জন্ম দিয়েছে।

তবে রবিবার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা স্পষ্ট জানান, অসম বিধানসভা থেকে বড়ো ভাষা প্রত্যাহারের কোনও প্রস্তাব দেওয়া হয়নি। তাঁর কথায়, বড়ো ভাষা অসমের সংস্কৃতি ও ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ এবং তার মর্যাদা অক্ষুণ্ণ থাকবে।