রুদ্ধশ্বাস লড়াই, লাল কার্ড, দুটি পেনাল্টি এবং পাঁচ গোল—সব মিলিয়ে বিশ্বকাপের শেষ ষোলোয় দুর্দান্ত এক ম্যাচ উপহার দিল ইংল্যান্ড ও মেক্সিকো। শেষ পর্যন্ত ৩-২ গোলে জয় তুলে নিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করেছে ইংল্যান্ড।
আরও পড়ুন:
ম্যাচ শুরুর আগেই নানা প্রতিকূলতার মুখে পড়েছিল ইংল্যান্ড। উচ্চতাজনিত চ্যালেঞ্জের পাশাপাশি ঝড়-বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের এক ঘণ্টা পরে শুরু হয় খেলা। তবুও শুরু থেকেই বলের দখল নিজেদের নিয়ন্ত্রণে রেখে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ইংল্যান্ড।
প্রথম ৩৫ মিনিট দুই দল সমানতালে লড়াই করলেও ৩৬ মিনিটে জুড বেলিংহ্যামের হেডে এগিয়ে যায় ইংল্যান্ড। এরপর মাত্র ৩৮ সেকেন্ডের ব্যবধানে আবারও গোল করে নিজের জোড়া গোল পূর্ণ করেন তিনি। চলতি বিশ্বকাপে এই প্রথম আজতেকা স্টেডিয়ামে পিছিয়ে পড়ে মেক্সিকো।
দুই গোলে পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়ানোর মরিয়া চেষ্টা শুরু করে স্বাগতিকরা। চার মিনিটের মধ্যেই জুলিয়ান কুইনোনেস গোল করে ব্যবধান কমান। প্রথমার্ধের শেষ দিকে সমতা ফেরানোর সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি মেক্সিকো। ২-১ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় ইংল্যান্ড।
আরও পড়ুন:
দ্বিতীয়ার্ধে ম্যাচ আরও নাটকীয় হয়ে ওঠে। ৫৪ মিনিটে জ্যারেল কুয়ানশা লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় ইংল্যান্ড। সংখ্যাগত সুবিধা পাওয়ার পর মেক্সিকো ম্যাচে ফেরার আশা জাগালেও ৬০ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান ৩-১ করেন অধিনায়ক হ্যারি কেন।
আরও পড়ুন:
তবে মেক্সিকোও হাল ছাড়েনি। ৬৯ মিনিটে পেনাল্টি পেয়ে রাউল জিমেনেজ গোল করে ব্যবধান ৩-২ করেন। শেষ পর্যন্ত একের পর এক আক্রমণ চালিয়েও সমতা ফেরাতে পারেনি তারা।
প্রায় ৪০ মিনিট ১০ জন নিয়ে দারুণ লড়াই করে শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে জয় নিশ্চিত করে ইংল্যান্ড। এই জয়ের ফলে তারা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিল।