কর্পোরেট স্বার্থনির্ভর ও সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে শ্রমজীবী মানুষের ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানাল সিআইটিইউ। শনিবার মালদহে আয়োজিত এক সেমিনারে সংগঠনের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য আভাস রায় চৌধুরী বলেন, শ্রমিক, কৃষক, খেতমজুর, শিক্ষক, যুবক-সহ সমাজের সব শ্রমজীবী অংশকে একসঙ্গে লড়াইয়ে নামতে হবে।
আরও পড়ুন:
আগামী ১৩ ও ১৪ জুলাই মালদহ শহরে অনুষ্ঠিত হতে চলা সিআইটিইউর পশ্চিমবঙ্গ রাজ্য ৬৭তম কাউন্সিল সভাকে সামনে রেখে মালদহ কলেজ অডিটোরিয়ামের সানাউল্লাহ মঞ্চে এই আলোচনা সভার আয়োজন করা হয়। সেমিনারের বিষয় ছিল, ‘দুনিয়া, দেশ ও রাজ্যের রাজনৈতিক ও অর্থনৈতিক প্রেক্ষাপটে শ্রমজীবী মানুষের লড়াই’।
আরও পড়ুন:
মূল বক্তা আভাস রায় চৌধুরী অভিযোগ করেন, দেশে ও রাজ্যে কর্পোরেট স্বার্থ রক্ষাকারী সরকার জনবিরোধী নীতি বাস্তবায়ন করছে। তাঁর দাবি, রাজ্যে নতুন সরকার ক্ষমতায় আসার অল্প সময়ের মধ্যেই হকার উচ্ছেদের মতো পদক্ষেপ নেওয়া হয়েছে, যার ফলে বহু দরিদ্র মানুষ জীবিকা হারানোর মুখে পড়েছেন।
আরও পড়ুন:
তিনি আরও বলেন, যেসব জায়গা থেকে হকারদের উচ্ছেদ করা হচ্ছে, সেগুলি রেল বা রাজ্য সরকারের জমি—এমন কোনও নথি অনেক ক্ষেত্রেই দেখানো হচ্ছে না। এর ফলে সাধারণ মানুষের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
আরও পড়ুন:
আভাস রায় চৌধুরীর অভিযোগ, কর্পোরেট স্বার্থকে প্রাধান্য দিয়ে দেশ পরিচালনা করা হচ্ছে এবং সাম্প্রদায়িক রাজনীতির মাধ্যমে সেই নীতিকে শক্তিশালী করা হচ্ছে। এই পরিস্থিতির মোকাবিলায় শ্রমজীবী মানুষের বৃহত্তর ঐক্য গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপর তিনি জোর দেন।
আরও পড়ুন:
সভা শুরুর আগে ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতদের এবং সাম্প্রতিক সময়ে গণআন্দোলনে প্রয়াতদের স্মরণে শোকপ্রস্তাব পাঠ করেন সভার সভাপতি একরাম হোসেন। পরে এক মিনিট নীরবতা পালন করা হয়।
আরও পড়ুন:
আলোচনা সভায় প্রারম্ভিক বক্তব্য রাখেন সিআইটিইউর মালদহ জেলা সভাপতি প্রণব দাস ও জেলা সম্পাদক দেবজ্যোতি সিনহা। এছাড়া অভ্যর্থনা কমিটির সভাপতি কৌশিক মিশ্র, গণআন্দোলনের নেতা জমির ফিরদৌস-সহ সংগঠনের একাধিক নেতা উপস্থিত ছিলেন।