ওয়াহিদ রেজা: মুর্শিদাবাদের লালগোলায় ভোররাতে বিশেষ অভিযান চালিয়ে ৩ কেজি ১৬৪ গ্রাম হিরোইন সহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে লালগোলা থানার পুলিশ। যার আনুমানিক বাজার মূল্য তিন কোটি টাকারও বেশি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২৭শে জুন ২০২৬ ভোররাতে লালগোলা থানার অন্তর্গত নতুনগ্রাম এলাকায় অভিযান চালানো হয়। সেখান থেকেই দুই ব্যক্তিকে আটক করা হয়।

ধৃতেরা হলেন লালগোলা থানার দুর্লভপুর গ্রামের রবি সরকারের ছেলে নিমাই সরকার ওরফে অজয় এবং আটরোশিয়া গ্রামের বদরুল জামানের ছেলে মোমিন শেখ। পুলিশের দাবি, তাদের যৌথ হেফাজত থেকে মোট ৩,১৬৪ গ্রাম হিরোইন উদ্ধার এবং বাজেয়াপ্ত করা হয়েছে। এর মধ্যে একজনের কাছ থেকে ১,৪৬০ গ্রাম এবং অপরজনের কাছ থেকে ১,৭০৪ গ্রাম হিরোইন উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনায় ধৃত দুই ব্যক্তির বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু করা হয়েছে।
তাদের বহরমপুরের বিশেষ এনডিপিএস আদালতে পেশ করা হবে। আদালতে তাদের ১০ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হবে বলেই পুলিশ সূত্রে জানা গিয়েছে। লালগোলা থানা এলাকায় দীর্ঘদিন ধরে এই হিরোইন কারবারের জন্য জেলা পুলিশের কাছে এক বড় এলাকা হিসেবে চিহ্নিত হয়েছে। লালগোলা থানার ওসি অমিত ভকতের দূরদর্শিতায় হিরোইন পাচার নির্মূল করার প্রক্রিয়া চলছে। কিভাবে এলাকায় হিরোইন মুক্ত করা যায়, সে বিষয়ে লাগাতার প্রচার চালিয়ে যাওয়া সত্ত্বেও তবুও বিভিন্নভাবে মানুষ এই অবৈধ কারবারের সঙ্গে জড়িয়ে পড়ছে।