পুবের কলম ওয়েব ডেস্ক: যাত্রীদের সুবিধার্থে সোমবার থেকে কলকাতা মেট্রোর পরিষেবার সময়সীমা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা হচ্ছে। আপাতত পরীক্ষামূলকভাবে এই বাড়তি পরিষেবা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। নতুন সূচি অনুযায়ী, এবার থেকে সকাল ৬টা থেকেই মেট্রো পরিষেবা শুরু হবে এবং রাতের দিকেও বেশি সময় পর্যন্ত মেট্রো পাওয়া যাবে। এই সিদ্ধান্তে নিত্যযাত্রীরা স্বাভাবিকভাবেই ভীষণ খুশি। সময়সীমা বাড়ার পাশাপাশি মোট মেট্রোর সংখ্যাও বাড়ানো হয়েছে।

ব্লু লাইন বা উত্তর-দক্ষিণ করিডরে সোমবার থেকে শনিবার শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর এবং উলটোপথে দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরামগামী প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬টায়।

মহানায়ক উত্তমকুমার থেকে দক্ষিণেশ্বর ও দমদমের দিকে এবং দমদম থেকে মহানায়ক উত্তমকুমার ও শহিদ ক্ষুদিরামের দিকে প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল ৬টা ১৫ মিনিটে। রাতের পরিষেবার ক্ষেত্রে, শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরের শেষ মেট্রো মিলবে রাত ১০টা ১৫ মিনিটে এবং উলটোপথে শেষ মেট্রো ছাড়বে রাত ১০টা ৩ মিনিটে। 

এছাড়া মহানায়ক উত্তমকুমার থেকে দক্ষিণেশ্বরগামী শেষ মেট্রো রাত ১০টা ২৮ মিনিটে এবং দমদমগামী শেষ মেট্রো রাত ১০টা ৪৩ মিনিটে পাওয়া যাবে। দমদম থেকে মহানায়ক উত্তমকুমার পর্যন্ত শেষ মেট্রো রাত ১০টা ৩০ মিনিটে এবং শহিদ ক্ষুদিরামগামী শেষ মেট্রো রাত ১০টা ১৫ মিনিটে ছাড়বে। দক্ষিণেশ্বর থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত শেষ মেট্রো পাওয়া যাবে রাত ১০টা ১৮ মিনিটে এবং শহিদ ক্ষুদিরাম থেকে দমদমের শেষ মেট্রো মিলবে রাত ১০টা ৩০ মিনিটে।

গ্রিন লাইনেও হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রোর সময়সীমা বাড়ানো হয়েছে।

এই রুটে হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভের প্রথম মেট্রো সকাল ৬টায় এবং উলটোদিক থেকে প্রথম মেট্রো সকাল ৬টা ৯ মিনিটে ছাড়বে। সিটি সেন্টার থেকে হাওড়া ময়দানগামী প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল ৬টা ১৫ মিনিটে। রাতের বেলায় হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ এবং সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান, উভয় দিকেই শেষ মেট্রো মিলবে রাত ১০টা ৩০ মিনিটে। সিটি সেন্টার থেকে হাওড়া ময়দানের শেষ মেট্রো ছাড়বে রাত ১০টা ৩৬ মিনিটে।

রবিবারের ছুটির দিনে ব্লু লাইনে দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম, শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর এবং মহানায়ক উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত প্রথম মেট্রো সকাল ৯টায় শুরু হবে। দমদম থেকে শহিদ ক্ষুদিরামগামী প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল ৯টা ৫ মিনিটে।

রবিবারের শেষ মেট্রোর ক্ষেত্রে দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম রাত ১০টা ৩ মিনিট, শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর রাত ১০টা ১৫ মিনিট, দক্ষিণেশ্বর থেকে মহানায়ক উত্তমকুমার রাত ১০টা ১৮ মিনিট এবং শহিদ ক্ষুদিরাম থেকে দমদমের মেট্রো রাত ১০টা ৩০ মিনিটে পাওয়া যাবে। গ্রিন লাইনে রবিবার হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ এবং সিটি সেন্টার থেকে হাওড়া ময়দানগামী প্রথম মেট্রো শুরু হবে সকাল ৯টায়।

 সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দানের প্রথম মেট্রো ছাড়বে সকাল ৯টা ২ মিনিটে। এই লাইনে রবিবারের শেষ মেট্রো হাওড়া ময়দান ও সেক্টর ফাইভ উভয় দিক থেকেই রাত ১০টা ৩০ মিনিটে ছাড়বে এবং সিটি সেন্টার থেকে হাওড়া ময়দানগামী শেষ মেট্রো মিলবে রাত ১০টা ৩৬ মিনিটে।
পরিষেবার সময়সীমা বৃদ্ধির পাশাপাশি ট্রেনের সংখ্যাও উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। ব্লু লাইনে সোমবার থেকে শুক্রবার ২৬০টির বদলে ২৭২টি মেট্রো চলবে।

 শনিবার ২৪৬টির বদলে ২৫৮টি এবং রবিবার ১৫২টির পরিবর্তে ১৫৮টি মেট্রো পরিষেবা দেবে। অন্যদিকে গ্রিন লাইনে সোম থেকে শুক্রবার ২২৮টির জায়গায় ২৩৬টি মেট্রো চালানো হবে। শনি ও রবিবার এই লাইনে যথাক্রমে ২০৪টি থেকে বাড়িয়ে ২১২টি এবং ১০৮টি থেকে বাড়িয়ে ১১১টি মেট্রো চলবে বলে মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে।