পুবের কলম ওয়েব ডেস্ক: দীর্ঘ আড়াই বছর ধরে থমকে থাকার পর অবশেষে মাত্র আড়াই মাসেই শেষ হতে চলেছে চিংড়িঘাটা এলাকায় মেট্রোর গার্ডার বসানোর কাজ। মেট্রো রেল সূত্রে খবর, শুক্রবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত চিংড়িঘাটা উড়ালপুল যানচলাচলের জন্য সম্পূর্ণ বন্ধ রেখে ৩২৬ এবং ৩২৭ নম্বর পিলারের মধ্যে গার্ডার বসানোর কাজ জোরকদমে চলছে। এই কাজ সম্পন্ন হলেই নবনির্মিত অংশটি সরাসরি গৌরকিশোর ঘোষ মেট্রো স্টেশনের সঙ্গে যুক্ত হয়ে যাবে।
আরও পড়ুন:
রেল বিকাশ নিগম লিমিটেডের (আরভিএনএল) তরফ থেকে যুদ্ধকালীন তৎপরতায় এই প্রকল্পের কাজ এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। কলকাতা মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, গার্ডার বসিয়ে স্টেশনের সঙ্গে সংযোগ স্থাপনের পরেই দ্রুত ট্র্যাক পাতা এবং সিগন্যালিংয়ের কাজ শুরু করা হবে।
পুজোর আগেই এই পরিকাঠামোগত কাজগুলি শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এরপর আগামী নভেম্বর মাস জুড়ে এই রুটে চলবে ট্রায়াল রান। সব ঠিক থাকলে চলতি বছরের ডিসেম্বর মাসেই কবি সুভাষ থেকে সেক্টর ফাইভ (আইটি সেন্টার) পর্যন্ত বাণিজ্যিকভাবে মেট্রো পরিষেবা শুরু হয়ে যাবে।আরও পড়ুন:
বর্তমানে কবি সুভাষ থেকে বেলেঘাটা পর্যন্ত প্রায় ৯.৬ কিলোমিটার পথে বাণিজ্যিকভাবে মেট্রো চলাচল করছে। চিংড়িঘাটার এই বকেয়া কাজটুকু শেষ হলে এর সঙ্গে গৌরকিশোর ঘোষ, নলবন এবং আইটি সেন্টার স্টেশনগুলিও মেট্রো মানচিত্রে যুক্ত হয়ে যাবে। এর ফলে আগামী দিনে দক্ষিণ কলকাতা-সহ বিস্তীর্ণ অঞ্চলের হাজার হাজার নিত্যযাত্রী এবং তথ্যপ্রযুক্তি কর্মীদের যাতায়াতের ক্ষেত্রে বিপুল সুবিধা হবে বলে মনে করা হচ্ছে।