গত ২৭ সেপ্টেম্বর তামিলনাড়ুর কারুরে এক নির্বাচনি জনসভায় পদপিষ্ট হয়ে ৪১ জনের মৃত্যুর ঘটনার পর ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াল রাজ্য সরকার। শুক্রবার নিহতদের ৩২টি পরিবারের সদস্যদের হাতে সরকারি চাকরির নিয়োগপত্র তুলে দেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়।
নিহত টিভিকে কর্মীর পরিবারের সদস্য ধনলক্ষ্মী জানান, তাঁকে এসপি অফিসে চাকরি দেওয়া হয়েছে। তিনি বলেন, “আমাদের কান্না দেখে মুখ্যমন্ত্রীও আবেগাপ্লুত হয়ে পড়েছিলেন।

এদিন অ্যাটলাস এরিনায় আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিজয় বলেন, “একজন মানুষ যত সফলই হোক না কেন, জীবনে কিছু ক্ষত কখনও মুছে যায় না। কারুরের মর্মান্তিক দুর্ঘটনার মতো ঘটনা আমাকে আর কিছুই এতটা ব্যথিত করেনি।”
দুর্ঘটনার জন্য পুলিশি গাফিলতিকেও দায়ী করেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, ভিড় নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার পরই শোভাযাত্রা বন্ধ করে দেওয়া উচিত ছিল।

একই সঙ্গে তিনি অভিযোগ করেন, এই মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে বিরোধী দলগুলো রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করেছে।
এর আগে কারুরের ঘটনায় নিহতদের পরিবারকে ১০ লাখ টাকা করে আর্থিক সহায়তার ঘোষণা করেছিল তামিলনাড়ু সরকার। পাশাপাশি মুখ্যমন্ত্রী বিজয়ের দল টিভিকেও নিহতদের প্রতিটি পরিবারকে অতিরিক্ত ২০ লাখ টাকা করে সহায়তা দেওয়ার ঘোষণা দেয়।
মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটাই ছিল বিজয়ের প্রথম কারুর সফর। সফরকালে তিনি নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করার পাশাপাশি দলীয় কর্মীদের সঙ্গেও মতবিনিময় করেন।