পুবের কলম ওয়েব ডেস্ক: হরমুজ প্রণালীকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে উত্তেজনা ক্রমশ বাড়ছে। এর মাঝেই ইরানের বিভিন্ন জায়গায় মার্কিন হামলা শুরু হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন, গত মাসে ইরান ও আমেরিকার মধ্যে যে যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল, তা বাতিল করা হয়েছে। পাশাপাশি তিনি চরম হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান যদি তাঁকে হত্যার চেষ্টা করে বা তাঁর কোনও ক্ষতি হয়, তবে তেহরানের উপর ব্যাপক ও শক্তিশালী বোমা হামলা চালানোর জন্য মার্কিন সেনাকে নির্দেশ দেওয়া আছে। তাঁর দাবি, ইরানের দিকে ইতিমধ্যেই হাজারটি ক্ষেপণাস্ত্র তাক করে রাখা হয়েছে, যা তাঁর বিন্দুমাত্র ক্ষতি হলে একযোগে ইরানের মাটিতে আছড়ে পড়বে।
আরও পড়ুন:
'নিউইয়র্ক পোস্ট' পত্রিকাকে দেওয়া একটি সাক্ষাৎকারে ট্রাম্প জানান, দীর্ঘদিন ধরেই ইরান তাঁকে হত্যার চেষ্টা চালিয়ে যাচ্ছে। যদিও তাঁকে খুনের আসন্ন বা নতুন কোনও ষড়যন্ত্র সম্পর্কে গোয়েন্দারা কোনও তথ্য পাননি বলে তিনি উল্লেখ করেছেন। তবে তিনি জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই তিনি ওই তালিকায় রয়েছেন। ইজরায়েলের গোয়েন্দারা তাঁকে হত্যার নতুন ছক কষা হচ্ছে বলে যে দাবি করেছে, তা সরাসরি উড়িয়ে দিয়েছেন ট্রাম্প। তিনি জানান, ইজরায়েল নতুন কোনও তথ্য দেয়নি, তবে ইরানের 'হিট লিস্টে' তিনি চিরকালই এক নম্বরে আছেন।
এরপর কিছুটা রসিকতার সুরেই সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, তাঁর কিছু হলে সংবাদমাধ্যম তাঁর অভাব বোধ করবে।আরও পড়ুন:
অন্যদিকে, বুধবার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম 'ট্রুথ সোশাল'-এ একটি বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। সেখানে তিনি জানিয়েছেন, ইরান আলোচনা চালিয়ে যাওয়ার আবেদন করেছে এবং আমেরিকা তাতে রাজি। কিন্তু গত মাসের যুদ্ধবিরতি যে সম্পূর্ণ শেষ হয়ে গিয়েছে, তা আমেরিকায় স্পষ্ট করে দিতে চায়। বার্তার শেষে তাঁর স্বাক্ষরও ছিল। আমেরিকা ও ইরানের মধ্যে নতুন করে শুরু হওয়া এই সংঘাতের জেরে বিশ্ব অর্থনীতিতেও বড়সড় প্রভাব পড়তে শুরু করেছে।