পুবের কলম ওয়েব ডেস্ক: বৃহস্পতিবার গভীর রাতে ইরানের পারমাণবিক কেন্দ্র সংলগ্ন বুশেহর ও দক্ষিণের শহর কোনারকে একাধিক শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা যায়। বুশেহর শহরের উপকণ্ঠে একটি সামরিক ঘাঁটিতে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা একটি ক্ষেপণাস্ত্রজাতীয় বস্তুকে প্রতিহত করার কারণেই এই জোরালো শব্দ তৈরি হয় বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে। তবে এই হামলার ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই নিজেদের কোনও সম্পর্ক নেই বলে স্পষ্ট দাবি করেছে মার্কিন সামরিক বাহিনী।
আরও পড়ুন:
গত মঙ্গলবার থেকে আমেরিকা ও ইরানের মধ্যে নতুন করে যে পালটাপালটি হামলা শুরু হয়েছে, তার জেরে জুনের মাঝামাঝি হওয়া যুদ্ধবিরতি কার্যত ভেস্তে গেছে।
পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলিতেও আঘাত হেনেছে তেহরান। মূলত হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজের উপর ইরানের সাম্প্রতিক হামলার পর থেকেই এই উত্তেজনার সূত্রপাত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যবর্তী নির্বাচনের আগে জ্বালানির দাম কমাতে এই জলপথে জাহাজ চলাচল স্বাভাবিক করতে চাইলেও, ইরান নিজেদের নিয়ন্ত্রণ ছাড়তে নারাজ। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, ট্রাম্প সমঝোতা শেষের হুঁশিয়ারি দিয়ে ইরানের তেল রপ্তানির ছাড়ও প্রত্যাহার করে নিয়েছেন।আরও পড়ুন:
এই চরম উত্তেজনার মাঝেই মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে পরিস্থিতি নিয়ে ফোনে বিস্তারিত আলোচনা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ও সেনাপ্রধান স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইরানের বিরুদ্ধে তাঁদের যুদ্ধ এখনও শেষ হয়নি এবং প্রয়োজনে ফের বড়সড় সামরিক অভিযান চালানো হবে। গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন ও ইসরায়েলি হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনেইয়ের শেষকৃত্যের কারণে বর্তমানে দুই দেশের মধ্যে আলোচনা সাময়িক স্থগিত রয়েছে। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আগামী সোমবার থেকে সেই আলোচনা ফের শুরু হওয়ার কথা থাকলেও, বর্তমান অস্থির পরিস্থিতিতে তা নিয়ে ঘোর অনিশ্চয়তা দেখা দিয়েছে।