পুবের কলম ওয়েব ডেস্ক: ইরানের নিহত প্রাক্তন সুপ্রিম লিডার আয়াতোল্লা আলি খামেনির শেষকৃত্য সম্পন্ন হওয়ার পরই তাঁর হত্যার চরম প্রতিশোধ নেওয়ার ডাক দিলেন ইরানের বর্তমান সুপ্রিম লিডার তথা তাঁর পুত্র মোজতবা খামেনি। শনিবার সোশ্যাল মিডিয়ায় দেশবাসীর উদ্দেশে এক লিখিত বার্তায় তিনি স্পষ্ট জানিয়েছেন যে, খামেনির হত্যার বদলা নেওয়া সমগ্র দেশের একমাত্র দাবি এবং তা অবশ্যই পূরণ করা হবে।

মধ্যপ্রাচ্যে নতুন করে বেজে ওঠা যুদ্ধের দামামার মাঝেই সমস্ত শহিদদের রক্তের দাম নেওয়ারও প্রতিজ্ঞা করেছেন তিনি।
সম্প্রতি ইজরায়েলের তরফে দাবি করা হয়েছিল যে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার ছক কষছে ইরান। এই দাবির প্রেক্ষিতে ট্রাম্প কড়া হুঁশিয়ারি দিয়ে জানান, তাঁকে হত্যার চেষ্টা করা হলে আমেরিকার তাক করে রাখা হাজারটি ক্ষেপণাস্ত্রের সাহায্যে ইরানে ভয়ংকর গোলাবর্ষণ শুরু হবে।

তবে মার্কিন প্রেসিডেন্টের সেই সতর্কবার্তাকে কার্যত ফুৎকারে উড়িয়ে দিয়ে মোজতবা তাঁর বার্তায় লেখেন, কুখ্যাত অপরাধী ও হত্যাকারীদের দ্বারা নিহত সকল শহিদের বদলা তাঁরা নেবেনই। তিনি আরও জানান, তাঁরা থাকুন বা না থাকুন, এই লক্ষ্য অবশ্যই অর্জিত হবে এবং খুব শীঘ্রই বিশ্বের সমস্ত স্বাধীনতাকামী মানুষ এই ঐশ্বরিক মিশনের অংশ হয়ে উঠবেন।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ হওয়ার কথা ঘোষণা করলেও, সম্প্রতি তিনি নিজেই দাবি করেন যে তেহরান ফের যুদ্ধবিরতির আলোচনা চালিয়ে যাওয়ার জন্য আবেদন জানিয়েছে এবং ওয়াশিংটন তাতে সম্মতি দিয়েছে। কিন্তু ট্রাম্পের কড়া হুঁশিয়ারির পরই পরিস্থিতি আচমকা বদলে যায়। তেহরান-সহ ইরানের শতাধিক জায়গায় ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা এবং একের পর এক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এখনও পর্যন্ত আমেরিকা এই হামলার দায় স্বীকার না করলেও, এই প্রবল অশান্তি ও ডামাডোলের মধ্যেই মোজতবা খামেনির রক্তের বদলা নেওয়ার কড়া বার্তা সার্বিক পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে।