পুবের কলম ওয়েব ডেস্ক: আমেরিকায় ফের এক প্রবাসী ভারতীয়ের উপর বিদ্বেষমূলক হামলার অভিযোগ উঠলে। অভিযোগ, ‘মুসলিম’ বলে পরিচয় দেওয়ার পরেই প্রকাশ্যে ওই ভারতীয় যুবককে অন্তত ১৫ বার ছুরি দিয়ে আঘাত করা হয়। উটাহ প্রদেশের একটি শপিং মলের সামনে এই নৃশংস হামলার ঘটনা ঘটে। এর জেরে নতুন করে প্রশ্নের মুখে পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থা।
আরও পড়ুন:
জানা গিয়েছে, আক্রান্ত ওই যুবকের নাম সোহেল।
তিনি উটাহর ওয়েস্ট ভ্যালি সিটিতে অবস্থিত ভ্যালি ফেয়ার মলের এক কর্মী। পুলিশ জানিয়েছে, পিটার মাইকেল লারসেন নামের ৪৮ বছর বয়সি এক ব্যক্তি প্রথমে মলের সামনে সোহেলের সঙ্গে কথা বলতে আসেন। সে সোহেলের দেশের বাড়ি কোথায় তা জানতে চাইলে, যুবক নিজের ভারতীয় পরিচয় দেন। এরপর পিটার তাঁর ধর্ম সম্পর্কে প্রশ্ন করে। সোহেল নিজেকে ‘মুসলিম’ বলে জানানোমাত্রই ক্ষিপ্ত হয়ে তাঁর উপর ছুরি নিয়ে ঝাঁপিয়ে পড়ে পিটার।আরও পড়ুন:
এই ভয়াবহ দৃশ্য দেখে শিউরে ওঠেন মলের অন্যান্য কর্মী ও স্থানীয় সাধারণ মানুষ। তাঁরাই ছুটে এসে পিটারকে আটকে সোহেলকে উদ্ধার করেন। নুনেজ নামের মলের অপর এক কর্মী জানিয়েছেন, অত্যন্ত নির্মমভাবে সোহেলকে খুন করার উদ্দেশ্যেই কোপানো হচ্ছিল। গুরুতর জখম অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভরতি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, ইতিমধ্যে যুবকের একাধিক অস্ত্রোপচার হলেও তাঁর অবস্থা এখনও অত্যন্ত আশঙ্কাজনক।
আরও পড়ুন:
এই ঘটনায় অভিযুক্ত পিটারকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তদন্তকারীদের কাছে নির্বিকার চিত্তে সে নিজের অপরাধ স্বীকারও করে নিয়েছে। অভিযুক্ত জানিয়েছে, মুসলিমদের হত্যা করাই তার মূল লক্ষ্য। তাই সোহেলের ধর্ম পরিচয় জেনেই সে এই প্রাণঘাতী হামলা চালিয়েছে। প্রকাশ্যে দিনের আলোয় ঘটা এই ঘটনা প্রবাসী ভারতীয়দের মধ্যে তীব্র আতঙ্কের সৃষ্টি করেছে।